
আন্তর্জাতিক ডেস্কঃ ভারত অধিকৃত কাশ্মিরের বান্দিপোরা জেলায় সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে ২ সেনা সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। বিভিন্ন ভারতীয় মাধ্যম এই খবর জানিয়েছে। ভারতীয় বার্তা সংস্থা জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বান্দিপোরা জেলার হাজিন এলাকার শাহগুঁড় গ্রামে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে সেনাবাহিনীর ২ জওয়ান আহত হন ।
ভারতীয় মাধ্যম জানিয়েছে, হামলাকারী দুই জন ওই এলাকায় লুকিয়ে রয়েছে। সেনা সদস্যরা ঘটনাস্থলের আশেপাশের এলাকা ঘিরে রেখে ব্যাপক তল্লাশি অভিযান চালাচ্ছে। গত ২৫শে ডিসেম্বর বান্দিপোরায় সেনাবাহিনীর এনকাউন্টারে দুই সন্দেহভাজন জঙ্গি এবং এক জওয়ান নিহত হন। এর আগে গত ১৪ই ডিসেম্বর সপুর শহরে সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার শীর্ষ নেতা আবু বকর নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হন। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৫ই ডিসেম্বর পর্যন্ত চলতি বছরে অন্তত ৬০ জন সেনা সদস্য নিহত হয়েছেন ।