
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের একটি সামরিক আদালত সোয়াত অঞ্চলে পাকিস্তানি তালেবানের এক শীর্ষস্থানীয় নেতাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জঙ্গিদের সাবেক এই মুখপাত্র মুসলিম খানের বিরুদ্ধে ৩১ জনকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি যাদের হত্যা করেন তাদের মধ্যে বেসামরিক লোক ও নিরাপত্তাকর্মী রয়েছে ।
সেনাবাহিনী জানিয়েছে, সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া যে ৮ সন্ত্রাসীর মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিত করেছেন তাদের মধ্যে মুসলিম খান অন্যতম। ৬২ বছরের মুসলিম খান ১৯৬০ এর দশকে বামপন্থী ধর্মনিরপেক্ষ ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন। ১৯৯০ এর দশকে তার আদর্শগত পরিবর্তন ঘটে। পাকিস্তানের সোয়াত অঞ্চলে তিনি ইসলামী তালেবান আন্দোলনে যুক্ত হন ।
২০০৭ সালে তিনি সোয়াত তালেবানের প্রধান মুখপাত্রে পরিণত হন। ২০০৯ সাল পর্যন্ত সোয়াত অঞ্চলে তালেবানের শক্ত ঘাঁটি থাকা পর্যন্ত তিনিই ছিলেন প্রকাশ্য নেতা। সোয়াত অঞ্চলের বিভিন্ন স্কুলে তার নির্দেশে পরিচালিত হত্যা, শিরশ্ছেদ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালিত হয়। এসব নৃশংস কর্মকাণ্ডের পর তালেবান প্রধান মুল্লা ফজলুল্লাহ তাকে 'সোয়াতের কসাই' উপাধি দেন ।
পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতিতে মুসলিম খানকে বেসামরিক নাগরিক হত্যাকারী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলাকারী সংগঠনের মুখপাত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, মুসলিম খান ২ চীনা ও এক বেসামরিক নাগরিককে অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগেও দণ্ডিত করা হয়েছে। আসামি অভিযোগ স্বীকার করায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ।