
আন্তর্জাতিক ডেস্কঃ ফিনল্যান্ডের হেলসিঙ্কির মাদকবিরোধী পুলিশের সাবেক প্রধানকে মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ইয়ারি আরনিও নামের ওই ব্যক্তি ২০১১-২০১২ সময়পর্বে একটি চক্রকে নেদারল্যান্ডস থেকে প্রায় ৮০০ কেজি হাশিশ আমদানি করে ফিনল্যান্ডে বিক্রিতে সহায়তা করেছেন বলে অভিযোগে বলা হয়েছে ।
৫৯ বছর বয়সী আরনিও মাদকসংক্রান্ত ৫টি ও অন্যান্য ১৭টি অপরাধে অভিযুক্ত হয়েছেন। এসব অপরাধের মধ্যে একজন নিরপরাধ ব্যক্তিকে মাদকচক্রের সঙ্গে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাসংক্রান্ত অভিযোগও রয়েছে। স্থানীয় একজন শীর্ষ অপরাধীর সঙ্গে পুলিশের সাবেক এই জ্যেষ্ঠ কর্মকর্তার সখ্যর অভিযোগ রয়েছে। ওই অপরাধীকেও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩০ বছর ধরে মাদকবিরোধী বাহিনীতে কর্মরত থাকার পর ২০১৩ সালে আরনিওকে গ্রেপ্তার করা হয়। তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে তার সব পদক্ষেপকে বৈধ এবং পুলিশের সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন বলেও দাবি করেন ।
আরনিওর আইনজীবী দল জানিয়েছে, জেলা আদালতের এই রায়ের বিরুদ্ধে তিনি হেলসিঙ্কির আপিল আদালতে আবেদন করবেন। চলতি বছরের সেপ্টেম্বরে প্রতারণার অভিযোগে দায়ের পৃথক এক মামলায় তাকে ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ফিনল্যান্ডে অপরাধের হার খুবই কম। বিশ্বে ডেনমার্কের পর ফিনল্যান্ডেই সবচে কম দুর্নীতি হয় বলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের দেওয়া তালিকায় প্রকাশ পেয়েছে ।