News71.com
 International
 05 Jan 17, 11:52 PM
 273           
 0
 05 Jan 17, 11:52 PM

যুক্তরাষ্ট্রে একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত ।। আহত শতাধিক

যুক্তরাষ্ট্রে একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত ।। আহত শতাধিক

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে চলাচলকারী একটি কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়ে শতাধিক যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ব্রুকলিনের আটলান্টিক টার্মিনালে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছে নিউ ইয়র্ক সিটি ফায়ার সার্ভিস ।

ট্রেনটি টার্মিনালের একটি বাম্পারকে আঘাত করে লাইনচ্যুত হয়। সঙ্গে সঙ্গেই জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে নগর দমকলের উপ-সহকারী প্রধান ড্যান ডনোহিউ জানিয়েছেন, আহতদের কারো আঘাতই আশঙ্কাজনক নয়, অন্তত ১১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে ।

নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু ক্যুমো জানিয়েছেন, ফার রকওয়ের কুইন্স এলাকা থেকে আসা ট্রেনটি সময়মতো থামতে ব্যর্থ হয়ে বাম্পারে গিয়ে আঘাত করে লাইনচ্যুত হয়। তবে এ সময় ট্রেনটির গতি তেমন বেশি ছিল না বলে জানিয়েছেন তিনি। এই ট্যুইটার বার্তায় ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় প্রায় ১০৩ জন আহত হয়েছেন এবং ৬ বগির ট্রেনটির সামনের ২টি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে ।

সময়মতো ট্রেনটিকে থামাতে না পারার জন্য প্রকৌশলীরা দায়ী হতে পারেন বলে মন্তব্য করেছেন মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান টম প্রিনডারগাস্ট। গত বছর সেপ্টেম্বরের শেষ দিকে নিউ জার্সির হবোকেনের একটি টার্মিনালে এ ধরনের অপর একটি ট্রেন দুর্ঘটনায় একজন নিহত ও ১১৪ জন আহত হয়েছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন