
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এই গ্রীষ্মে প্রায় ৩শ’ মার্কিন মেরিন সৈন্য ফিরে যাবে। সেখানে তারা আফগান বাহিনীকে প্রশিক্ষণ দেয়ার ব্যাপারে ন্যাটো নেতৃত্বাধীন মিশনকে সহায়তা করবে । ন্যাটো তাদের বাহিনী প্রত্যাহার করে নেয়ায় ২০১৪ সালে হেলমান্দ থেকে মার্কিন মেরিন সেনাদের দেশে ফেরত আনা হয়েছিল। আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী প্রত্যাহার করে নেয়ার পর আফগান সেনা তালেবানের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দেয়া শুরু করে ।
যুক্তরাষ্ট্রে ২০০১ সালে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানে আমেরিকা প্রথম দফায় যেসব সেনা পাঠায় তাদের মধ্যে এই মেরিন সেনারাও ছিল। হেলমান্দ প্রদেশে কয়েক হাজার সেনা মোতায়েন ছিল। উল্লেখ্য, এ প্রদেশে তালেবান জঙ্গিদের সাথে তাদের তুমুল লড়াই হয় ।
বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন তাদের মেয়াদকালে আফগানিস্তান থেকে অধিকাংশ মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার আশা করলেও দেশটিতে শেষ পর্যন্ত কিছু সৈন্য থেকেই যাচ্ছে। আফগানিস্তানে এখনো প্রায় ৮ হাজার ৪শ’ মার্কিন সৈন্য রয়েছে এবং এখন হেলমান্দে এসব মার্কিন মেরিন সেনা আবারো ফেরত পাঠানো হচ্ছে ।