News71.com
 International
 07 Jan 17, 07:13 PM
 272           
 0
 07 Jan 17, 07:13 PM

পাকস্থলিতে শতাধিক মাদক ক্যাপসুলসহ ধৃত ব্রাজিলীয় মহিলা ও এক আফগান  

পাকস্থলিতে শতাধিক মাদক ক্যাপসুলসহ ধৃত ব্রাজিলীয় মহিলা ও এক আফগান       

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে মাদক পাচারের অভিনব পন্থা নিয়েছিল ব্রাজিলের এক মহিলা ও এক আফগান ব্যক্তি। তারা দু জনে মিলে শতাধিক মাদক ক্যাপসুল গিলে ফেলে পেটে করে নিরাপদে ভারতে ঢোকার চেষ্টা করছিল । কিন্তু শেষরক্ষা হল না। আটক করে তাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনও পর্যন্ত দু জনের পাকস্থলি থেকে ১৫৫টি ক্যাপসুল বেরিয়েছে। 

নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর ডেপুটি ডিরেক্টর জেনারেল আর পি সিংহ জানিয়েছেন, ধৃত ব্রাজিলীয় মহিলার নাম জে দা সিলভা (৩৮) এবং আফগান ব্যক্তির নাম এম কাসিম (৫০)। তারা নববর্ষের দিন যথাক্রমে সাও পাওলো ও হেরাত থেকে ইন্দিরা গাঁধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। সেখান থেকেই তাদের আটক করা হয়।

ধৃত মহিলার পাকস্থলি থেকে ৬৫টি কোকেন ক্যাপসুল পাওয়া গিয়েছে। আরও কয়েকটি ক্যাপসুল তাঁর পাকস্থলিতে আছে বলে মনে হচ্ছে। কাসিমের পাকস্থলি থেকে এখনও পর্যন্ত ৯০টি হেরোইন ক্যাপসুল মিলেছে। তারা নববর্ষের দিন বিভিন্ন পার্টিতে মাদক সরবরাহ করার উদ্দেশেই দিল্লিতে এসেছিল। মাদক গিলে ফেললে ধরা খুব কঠিন। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে মাদক চোরাচালানের কথা জানতে পেরে যান মাদক নিয়ন্ত্রণ দফতরের আধিকারিকরা। হাসপাতাল থেকে ছাড়া হলেই ধৃত দু জনকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন