
নিউজ ডেস্কঃ গাজীপুরের ট্রেন-প্রাইভটেকার সংঘর্ষে ৫ জন নিহতের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। কমিটিকে আগামী ১৩ই জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ সোমবার সকালে একথা জানান বাংলাদেশ রেলওয়ের পাকশি বিভাগীয় ম্যানেজার অসীম কুমার তালুকদার ।
এর আগে, গতকাল রবিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকার রেলক্রসিংয়ে প্রাইভেটকার ও মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জনসহ ৫ যাত্রী নিহত হন ।
অসীম কুমার তালুকদা জানান, ঘটনা তদন্তের জন্য পাকশি বিভাগীয় প্রকৌশলী-২ মো. আসাদুল হককে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৩ই জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) মো. কামরুজ্জামান, পাকশি বিভাগীয় সহকারী পরিবহন কর্মকর্তা মো. নাসির উদ্দিন ও মেডিকেল অফিসার পরিতোষ চক্রবর্তী ।