
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ার কাছে ১০টি পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত প্লুটোনিয়াম রয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। এক সপ্তাহ আগে উ. কোরীয় নেতা কিম জং-উন এক বক্তব্যে বলেন, পিয়ংইয়ং আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির কাছাকাছি আছে। এমন বক্তব্যের এক সপ্তাহ পর আজ বুধবার দক্ষিণ কোরিয়া এ দাবি করলো ।
উত্তর কোরিয়া ২০১৭ সালে পারমাণবিক কর্মসূচি জোরদার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটি যুক্তরাষ্ট্রের ভূখন্ডে আঘাত হানতে সক্ষম অস্ত্র তৈরি করতে চায়। পিয়ংইয়ং ইতোমধ্যে ৫বার পারমাণবিক পরীক্ষা ও অসংখ্যবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ২০১৬ সালের শেষ নাগাদ উ. কোরিয়ার হাতে প্রায় ৫০ কিলোগ্রাম অস্ত্র নির্মাণ পর্যায়ের প্লুটোনিয়াম ছিল যা দিয়ে ১০ টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব।৮ বছর আগে দেশটির প্লুটোনিয়ামের পরিমাণ ছিল ৪০ কিলোগ্রাম ।
এছাড়া উত্তর কোরিয়ার উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম অস্ত্র তৈরির সক্ষমতা আছে। তবে তাদের কাছে কি পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে তা জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের থিংকট্যাংক ইনস্টিটিউট ফর সাইন্স এন্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি গত জুনে জানায়, উ. কোরিয়ার হাতে ২১ টির বেশি পারমাণবিক অস্ত্র আছে। ২০১৪ সালে দেশটির হাতে ১০-১৬ টি পারমাণবিক অস্ত্র ছিল। সিউলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইয়ংবিয়নে পারমাণবিক চুল্লি পুনরায় সচল করার পর উ. কোরিয়ার প্লুটোনিয়াম সরবরাহ বেড়েছে ।