News71.com
 International
 13 Jan 17, 01:52 PM
 311           
 0
 13 Jan 17, 01:52 PM

কাঁপছে দিল্লি, কাশ্মীরসহ উত্তরভারত জুড়ে অব্যাহত শৈত্যপ্রবাহের দাপট, সারাদেশ মৃত্যু ১০ জনের

কাঁপছে দিল্লি, কাশ্মীরসহ উত্তরভারত জুড়ে অব্যাহত শৈত্যপ্রবাহের দাপট, সারাদেশ মৃত্যু ১০ জনের

 

আন্তর্জাতিক ডেস্ক : নয়াদিল্লি ও পাটনা, ১২ জানুয়ারি: ঠান্ডায় জবুথবু দিল্লি। ক্রমশই নামছে পারা। বৃহস্পতিবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৩.৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি, কাশ্মীর, হিমাচলপ্রদেশ সহ উত্তর ভারতজুড়ে অব্যাহত শীতের দাপট। চলছে শৈত্যপ্রবাহ। এই পরিস্থিতিতে কোনও আশার বাণী শোনাতে পারেননি হাওয়া অফিস। বলেছে, ১৩ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই সূচ ফোটানো ঠান্ডা। অন্যদিকে, বিহারের রাজধানী পাটনায় এদিন ছিল মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা। ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে গত ২৪ ঘন্টায় ১০ জনেরও বেশী মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিন দিল্লির অনেক জায়গায় তাপমাত্রা ছিল ২ ডিগ্রি। যা চলতি মরশুমের শীতলতম দিন। পাটনার পাশাপাশি বিহারের গয়া, ভাগলপুর, পূর্ণিয়াতে নেমেছিল তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার থেকে প্রায় ৪ ডিগ্রি কমেছিল। বিহারের হাওয়া অফিসের এক আধিকারিক জানিয়েছেন, এদিন সকাল সাড়ে ৫টা নাগাদ পাটনার তাপমাত্রা ছিল ৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যেখানে মঙ্গলবার ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। শুধু বিহার বা দিল্লি নয়, শীতের দাপট চলছে উত্তরভারত জুড়ে। চলছে শৈত্যপ্রবাহ। রাতের তাপমাত্রা নেমেছে কাস্মীর উপত্যকা ও লাদাখে। বুধবার লে-তে তাপমাত্রা ছিল মাইনাস ১৬ ডিগ্রি। একইভাবে, বরফশীতল হাওয়া বইছে হিমাচলজুড়ে। পরিস্থিতি আরও খারাপ সিমল ও মানালির। এই দুই জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে যথাক্রমে ৩.২ ডিগ্রি ও ৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

সমতল এলাকার মধ্যে শীতলতম স্থান ছিল পাঞ্জাবের অমৃতসর। এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। লুধিয়ানা ও পাতিয়ালার তাপমাত্রা ধরা পড়েছে যথাক্রমে ১.৬ ও ২.৭ ডিগ্রি সেলসিয়াস। শীতে কাবু চণ্ডীগড়ও। এখানে তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এখনও বরফ পড়ছে উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায়। মরুভূমির রাজ্য রাজস্থানেও নেমেছে পারা। মাউন্ট আবুতে তাপমাত্রা ছিল মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াস। জয়পুরে তাপমাত্রা নথিভুক্ত হয়েছে ৩.৮।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন