
আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডে ভারতের কাশ্মীর উপত্যকার দুই ব্যাঙ্ক ও একটি ডাকঘর ভস্মীভূত। পুড়ে ছাই প্রায় এক ডজন দোকান। তবে প্রাণহানি হয়নি। শুক্রবার সকালে কাশ্মীরের কোর্ট রোড এলাকার লাল চকে ‘ওল্ড ম্যাজেস্টিক হোটেল বিল্ডিং’–এ আগুন লাগে। বহুতলের মধ্যে সরকারি, বেসরকারি ব্যাঙ্ক, ডাকঘর ছাড়াও বহু দোকান ছিল। সেখানে একটি পাঞ্জাব এবং বিজয়া ব্যাঙ্কের দু’টি শাখা সহ বহুতলের মধ্যে অবস্থিত ডাকঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৮টি ইঞ্জিন। কিছুক্ষণ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে প্রায় এক ডজন দোকান ভস্মীভূত হয়ে গেছে। পুড়ে ছাই হয়েছে ব্যাঙ্ক ও পোস্ট অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র। ক্ষতি হয়েছে এইচডিএফসি ব্যাঙ্কের একটি শাখারও। তবে হতাহতের কোনও খবর নেই। আগুন লাগার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বহুতলের ওপর তলায় একটি কাঠের তৈরি দোকান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন দমকলকর্মীরা।