
আন্তর্জাতিক ডেস্ক : আমেদাবাদ: বয়স মাত্র ১৪। এরমধ্যেই গুজরাট সরকারকে ড্রোন সরবরাহের জন্য ৫ কোটি টাকার মউ স্বাক্ষর করল হর্ষবর্ধন জালা। বৃহস্পতিবার ভাইব্রান্ট গুজরাট গ্লোবাল সামিটে অংশ নেয় হর্ষবর্ধন। মাটির নীচে লুকনো মাইন খুঁজে তাকে ধ্বংস করবে হর্ষবর্ধনের ড্রোন। গুজরাট সরকারের বিজ্ঞান এবং প্রযুক্তি দপ্তরের সঙ্গে এই ড্রোন সরবরাহ নিয়ে চুক্তি করেছে সে। দশম শ্রেণীর অন্য ছাত্ররা যখন পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত, হর্ষবর্ধন তখন তিন ধরনের ড্রোন তৈরির পরিকল্পনা করছে। ২০১৬ সাল থেকে ল্যান্ডমাইন খুঁজতে পারে এমন ড্রোন বানানোর কাজে হর্ষবর্ধন মন দিয়েছে। কোথা থেকে তাঁর মাথায় এমন পরিকল্পনা এল? হর্ষবর্ধন জানিয়েছে, ‘টিভিতে একদিন দেখি হাতে করে ল্যান্ডমাইন নিষ্ক্রিয় করতে গিয়ে অনেক সৈনিক আহত হয়েছে। তখনই পরিকল্পনা মাথায় আসে।’
এখনও পর্যন্ত তিন ধরনের ড্রোন বানাতে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে। এর মধ্যে বাবা–মা’র থেকে ২ লক্ষ টাকা দিয়ে দুটি ড্রোন বানায় সে। তৃতীয় নমুনার জন্য তাকে তিন লক্ষ টাকা দেয় গুজরাট সরকার। হর্ষবর্ধন জানিয়েছে, তার ড্রোনে থাকছে ইনফ্রারেড, আরজিবি সেন্সর, ২১ মেগাপিক্সেল ক্যামেরা। হাই রিজোলিউশন ছবি তুলতে পারবে এই ক্যমেরা। মাটি থেকে ২ ফুট উপর থেকে ৮ বর্গমিটার এলাকায় তরঙ্গ পাঠিয়ে ল্যান্ডমাইন আছে কিনা শণাক্ত করবে ড্রোনটি। এরপর সেই ফলাফল পাঠাবে বেস স্টশনে। মাইন নিষ্ক্রিয় করতে ড্রোনে থাকছে ৫০ গ্রাম ওজনের একটি বম। সেই বম দিয়েই ল্যান্ডমাইনে বিস্ফোরণ ঘটানো হবে। ‘অ্যারোবটিক্স’ নামে একটি কোম্পানি খুলেছে জালা। ড্রোনের পেটেন্টের জন্য আবেদনও করেছে সে।