
আন্তর্জাতিক ডেস্কঃ ইস্তাম্বুলে হামলাকারী উজবেক নাগরিক আবদুলকাদির মাশারিপভ হামলার আগে আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়েছিলেন। গতকাল সোমবার তাকে গ্রেফতারের পরে ইস্তাম্বুলের গভর্নর ভাসিপ সাহিন এ কথা বলেন । গভর্নর জানান, ২০১৬ সালের জানুয়ারিতে তুরস্কে প্রবেশ করেন মাশারিপভ। তিনি যোগ করেন, সন্দেহভাজন এই হামলাকারী অপরাধ স্বীকার করেছে এবং ঘটনাস্থলে পাওয়া আঙ্গুলের ছাপের সঙ্গে তার ছাপ মিলেছে। নতুন বছরের শুরুতে ইস্তাম্বুলের রেইনা ক্লাবে এলোপাথাড়ি গুলিতে ৩৯ জন নিহত হয়। আহত হয় আরো বহুসংখ্যক মানুষ। নিহতদের মধ্যে ইসরাইল, ফ্রান্স, তিউনিসিয়া, লেবানন, ভারত, বেলজিয়াম, জর্ডান ও সৌদি আরবের নাগরিক ছিল ।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছিল। পুলিশ গতকাল সোমবার সন্ধ্যায় ইস্তাম্বুলের এসেনইয়ুর্ত এলাকা থেকে গ্রেফতার হয়েছে। গভর্নর সাহিন আজ মঙ্গলবার জানিয়েছেন, তার সঙ্গে একজন ইরাকি পুরুষ এবং ৩ জন মিশরি ও আফ্রিকান বংশোদ্ভূত নারীকে আটক করা হয়েছে ।