
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ (৯২) অসুস্থ হয়ে হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বুশের কার্যালয়ের চিফ অব স্টাফ জিন বেকারের বরাতে আজ বুধবার এ খবর দিয়েছে। বুশের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন বেকার। আগামী ২-১ দিনের মধ্যে তিনি বাসায় ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে ।
এইচ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও ফ্লোরিডার সাবেক গভর্নর জেব বুশের পিতা। জর্জ ডব্লিউ বুশ দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। জেব বুশ ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ।
রিপাবলিকান সিনিয়র বুশও ১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে ৪ বছর ছিলেন তিনি। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের দুই মেয়াদে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ।