
আন্তর্জাতিক ডেস্কঃ জাতিসংঘের গ্রিন ক্লাইমেট ফান্ডে এক বিলিয়নের অর্ধেক ডলার দিয়েছে মার্কিন সরকার। ডোনাল্ড ট্রাম্প অফিস গ্রহণের ৩দিন আগে দেশটির সরকার গতকাল মঙ্গলবার এমন সিদ্ধান্ত নিল। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন গতকাল মঙ্গলবার তহবিলে ৫শ মিলিয়ন ডলার দেওয়ার ঘোষণা দেয়। এই তহবিলের পরিমাণ ধীরে ধীরে ১ বিলিয়ন ডলারে উন্নীত করা হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দরিদ্র দেশগুলোকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন ওবামা। ২০১৪ সালেই তিনি ঐ ঘোষণা দেন ।
তবে ট্রাম্পতো ইতোমধ্যেই বৈশ্বিক উষ্ণতাকে একটি ফাঁকিবাজি প্রক্রিয়া বলে অভিহিত করেছেন। তিনি প্যারিস চুক্তি ও ফান্ড দেওয়ার প্রতিশ্রুতি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার হুমকি দিয়েছিলেন। এছাড়া বাকী যতটুকু অর্থ দেওয়ার আছে সেগুলোও দেওয়া স্থগিত করে দিতে পারেন ট্রাম্প ।
যাইহোক, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জন কিরবি ট্রাম্পের অভিপ্রায়কে একটি “পৈশাচিক ইচ্ছা বা সংকল্প” বলে বর্ণনা করেন। এটা একটি বিনিয়োগ যার পরিকল্পনা দীর্ঘদিনের। রিপাবলিকান সিনেটররা আগে থেকেই তহবিল প্রদানের বিরোধিতা করে আসছেন। তবে ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন অবশ্য বলেছেন, কোন দেশের একার পক্ষে বৈশ্বিক উষ্ণতার সঙ্গে লড়াই করা সম্ভব নয়। তাই যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে রাখতে চান বলে জানিয়েছেন এ পররাষ্ট্রমন্ত্রী ।