
আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে আগামীকাল শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দুই দফা মেয়াদ শেষে আগামীকাল শুক্রবার ট্রাম্পের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন। ইতিমধ্যে নতুন অতিথিকে বরণ করে নিতে হোয়াইট হাউসে প্রস্তুতি শুরু হয়েছে ।
এর আগে, গত ৮ই নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনকে হারিয়ে ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। তবে ওবামার মেয়াদ শেষ না হওয়ায় এতদিন ক্ষমতায় বসা হয়নি নিউইয়র্কের এই ধনকুবেরের। ২০ই জানুয়ারি স্থানীয় সময় বিকাল ৫টায় শপথ নেবেন ট্রাম্প। শপথ অনুষ্ঠান তদারকি করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। শপথ নেয়ার পর আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশে ভাষণ দেবেন ট্রাম্প। এসময় বারাক ওবামাসহ সাবেক বেশ কয়েকজন প্রেসিডেন্ট এবং তাদের পরিবারের লোকজন উপস্থিত থাকার কথা রয়েছে ।