
আন্তর্জাতিক ডেস্কঃ নিখোঁজ মালয়েশিয়ার বিমান এমএইচ ৩৭০ এর অনুসন্ধান আচমকা থমকে যাওয়ায় হতাশ ওই বিমানের যাত্রীদের পরিবার। ৩ বছর ধরে চলা লম্বা এই বিমান সন্ধান পর্ব মাঝপথে থেমে যাওয়ায় রহস্য রয়েই গেছে। আর সেই কথা মাথায় রেখেই এবার এমএইচ ৩৭০ এর খোঁজ যে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার।
মালয়েশিয়ার ডেপুটি ট্রান্সপোর্ট মিনিস্টার জানিয়েছেন, যে প্রাইভেট সংস্থা বিমানটিকে খোঁজার উদ্যোগ নেবে তাকেই পুরস্কার দেওয়া হবে। মূলত তারা বিমানের ধ্বংসাবশেষ নির্দিষ্ট করে খুঁজে বের করবার কথা বলেছেন। কিছুদিন আগেই অনুসন্ধানকারী দলের এই কাজ বন্ধ করে দেওয়া হয়। অস্ট্রেলিয়া , চীন, মালয়েশিয়া একযোগে চালাচ্ছিল এই অনুসন্ধানের কাজ। যদিও শেষমেশ হতাশাজনকভাবেই শেষ করতে হয় গোটা অনুসন্ধানের পর্ব।
২০১৪ সালের ৮ই মার্চে বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকেই আশা নিরাশার মধ্যেই চলতে থাকে অনুসন্ধান কাজ। অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি কোয়ার্ডিনেশনের সাহায্যে প্রত্যন্ত এলাকায় চলে বিমানের খোঁজ। পরবর্তীকালে মাদাগাস্কারের কাছে বিমানের একটি উইং ফ্ল্যাপ পাওয়া গেলেও তথ্য প্রমাণ নিয়ে বিস্তর জলঘোলা হয়। গোটা অনুসন্ধান পর্বে খরচ হয়েছে প্রায় ১৬০ মিলিয়ন মার্কিন ডলার ।