
আন্তর্জাতিক ডেস্কঃ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনই বেশ কিছু ‘অত্যন্ত অর্থপূর্ণ’ নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বারাক ওবামার স্বাস্থ্যসেবা কর্মসূচি ‘ওবামাকেয়ার’, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ, অভিবাসন, জ্বালানি ও লবিইং নিষিদ্ধকরণের মতো বিষয়গুলো ট্রাম্পের অগ্রাধিকারে থাকলেও ঠিক কোন বিষয়গুলোতে প্রথম দিনই সিদ্ধান্ত দিচ্ছেন তা তিনি বা তাঁর ঘনিষ্ঠজনরা স্পষ্ট করে বলেননি।
ওয়াশিংটনে নিজ মালিকানাধীন একটি হোটেলে গত বৃহস্পতিবার আয়োজিত এক মধ্যাহ্নভোজে ট্রাম্প বলেন, ‘আগামীকাল (শুক্রবার অভিষেক অনুষ্ঠানে) বক্তব্য দেওয়ার পর আমরা কিছু কাগজপত্রে সই করব, যেগুলো হবে ‘অত্যন্ত অর্থপূর্ণ। ’ একটি মোবাইল ফোনে ধারণ করা ট্রাম্পের এ বক্তব্যসংবলিত ভিডিওচিত্র সংবাদমাধ্যম সিএনএন হাতে পায়।
ট্রাম্পের সহযোগীরা জানিয়েছেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই বাস্তবায়নযোগ্য কিছু নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করবেন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রেস সেক্রেটারির দায়িত্ব গ্রহণের অপেক্ষায় থাকা শন স্পাইসার বৃহস্পতিবার সকালে জানান, শুক্রবার দায়িত্ব গ্রহণের শুরুতেই বেশ কিছু নির্বাহী আদেশে স্বাক্ষরের পরিকল্পনা করেছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আগামীকাল (শুক্রবার), সপ্তাহের শেষ দিন এবং এরপর সোমবার, মঙ্গলবার, বুধবারও আপনারা কিছু তৎপরতা দেখতে পাবেন। ’ স্পাইসার জানান, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চালু করা ওবামাকেয়ার তথা স্বাস্থ্যসেবা, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধ, অভিবাসন, জ্বালানি ও লবিইং নিষিদ্ধকরণের মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দিচ্ছেন ট্রাম্পের উপদেষ্টারা। ইতিমধ্যে তাঁরা ২০০টির বেশি বিষয় পর্যালোচনা করে ট্রাম্পের বিবেচনার জন্য প্রস্তুত করে রেখেছেন। ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিটিপি) শীর্ষক ১২ জাতির আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি এবং কানাডা-মেক্সিকোর সঙ্গে করা নর্থ আমেরিকান ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (নাফটা) থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা সম্পর্কে হোয়াইট হাউস থেকে দাপ্তরিক নোটিশ আসতে পারে বলে জানিয়েছেন স্পাইসার। তবে দায়িত্ব গ্রহণের পরপরই কোন কোন নির্বাহী আদেশে ট্রাম্প স্বাক্ষর করবেন তা তিনি জানাননি।
জ্যেষ্ঠ একজন রিপাবলিকান নেতা জানান, ওবামাকেয়ার বাতিল-সংক্রান্ত কয়েকটি আদেশে ট্রাম্প স্বাক্ষর করবেন বলে কংগ্রেস নেতারা ধারণা করছেন। তবে আনুষ্ঠানিকভাবে তাঁদের এ ব্যাপারে কিছুই জানানো হয়নি।
ট্রাম্পের এক উপদেষ্টা জানান, ট্রাম্পবিরোধী শিবির বাধা তৈরি করলে এসব নির্বাহী আদেশে পরিবর্তন আনা হতে পারে। ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানকে ঘিরে তাঁর সমর্থকদের পাশাপাশি বিরোধী শিবিরও রাজধানীতে জড়ো হয়েছে। সব মিলিয়ে প্রায় ৯ লাখ লোক ওয়াশিংটনের কেন্দ্রে জড়ো হতে পারে—এমন ধারণা করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর আগে যুক্তরাজ্য ও জার্মানির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি আগামী সোমবার থেকে প্রেসিডেন্টের কাজ শুরু করতে চান। তবে দায়িত্ব গ্রহণের ঠিক আগের দিন তিনি জানান, দেরি করতে চান না তিনি। সূত্র : সিএনএন, রয়টার্স।