News71.com
 International
 22 Jan 17, 10:38 AM
 294           
 0
 22 Jan 17, 10:38 AM

রোহিঙ্গা নির্যাতন বন্ধে মুসলিম দেশগলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রোহিঙ্গা নির্যাতন বন্ধে মুসলিম দেশগলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক নিউজ : মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নিপীড়ন বন্ধে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে একটি সংগঠন গড়ার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক। স্থানীয় সময় বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি বিশেষ অধিবেশনে রাজাক এ আহ্বান জানান। ওই অধিবেশনে চলমান রোহিঙ্গা সংকটের সমাধানে সহায়তাকারী হওয়ার প্রস্তাব করেছে ইন্দোনেশিয়া।

অধিবেশনের উদ্বোধনী দিনে নাজিব রাজাক বলেন, রোহিঙ্গা মুসলিমদের ওপর নিপীড়ন (যা দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিমদের ব্যথিত করেছে) কেবল মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয়। এই সংকটের ফলে শরণার্থী সমস্যা দেখা দিয়েছে, যা এ অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ওপর সহিংসতা এখনই বন্ধ করতে হবে। অন্যথায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) মতো সশস্ত্র সংগঠনগুলো রোহিঙ্গাদের মধ্যে ঢুকে যেতে পারে। আইএসের আরবি পরিভাষা ব্যবহার করে নাজিব বলেন, ‘ওআইসির সদস্য রাষ্ট্রগুলো খুব ভালোভাবে অবগত যে, দায়েশের মতো সংগঠন এই পরিস্থিতির সুবিধা নিতে চাইতে পারে।’

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, বাড়ি পুড়িয়ে দেওয়াসহ নানা ধরনের নির্যাতনের অভিযোগ আছে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। নির্যাতনের শিকার হয়ে গত তিন মাসে বাংলাদেশ সীমান্তে ৬৫ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিভিন্ন সংগঠন বিভিন্ন হিসাব দিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন