News71.com
 International
 24 Jan 17, 10:46 AM
 301           
 0
 24 Jan 17, 10:46 AM

শ্রীলঙ্কার ১৮টি জেলায় ভয়াবহ খরায় বিশুদ্ধ পানির সংকটে ১০ লাখ মানুষ ।।

শ্রীলঙ্কার ১৮টি জেলায় ভয়াবহ খরায় বিশুদ্ধ পানির সংকটে ১০ লাখ মানুষ ।।

আন্তর্জাতিক ডেস্ক : বৃষ্টিপাত কম হওয়ায় গত ৪ দশকের মধ্যে সবচে ভয়াবহ খরার কবলে পড়েছে শ্রীলঙ্কা। দ্বীপ রাষ্ট্রটির ১০ লাখের বেশি মানুষ তীব্র পানি সংকটের মুখে পড়েছে । ব্যাহত হচ্ছে বিদ্যুত্ ও কৃষি উত্পাদন। এক বিবৃতিতে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এ তথ্য দিয়েছে। বিবৃতিতে বলা হয়, গত মৌসুমে দেশটিতে প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। ফলে বিভিন্ন এলাকার নদীগুলোতে পানি কমে গেছে ।

এর ফলে সমুদ্রের লবণাক্ত পানি স্থানীয় নদীগুলোতে প্রবেশ করছে। ভূগর্ভস্থ পানির স্তরও নেমে গেছে। একারণেই তীব্র বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে । সূত্রে জানা গেছে, দেশটির ১৮টি জেলা এই ভয়াবহ খরার শিকার হয়েছে। আক্রান্ত এলাকায় বিকল্প উপায়ে সুপেয় পানি পাঠাতে হচ্ছে। দেশটির আবহাওয়া বিভাগের মহাপরিচালক ললিথ চন্দ্রপালা বলেন, ‘দেশের কৃষি এবং জলবিদ্যুত্ খাত তীব্র খরার কবলে পড়েছে। ১৯৭০ এর দশকের পর থেকে যতগুলো খরা হয়েছে, তার মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ ।’

দেশটির কৃষকরা ৮ লাখ হেক্টর কৃষিজমির মাত্র এক-তৃতীয়াংশের মধ্যে চাষাবাদ করতে পেরেছেন—যা গত ৩০ বছরের মধ্যে সর্বনিম্ন। স্থানীয় কৃষকরা বলছেন, পানির অভাবে তারা চাষাবাদ শুরুই করতে পারছেন না। পানির অভাবে মাঠের অধিকাংশ ফসলই শুকিয়ে গেছে। খরার কারণে খাদ্য স্বল্পতা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে এরই মধ্যে একটি টাস্কফোর্স গঠন করেছে দেশটির সরকার ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন