
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগগিরই মেক্সিকো ও কানাডার নেতৃবৃন্দের সঙ্গে উত্তর আমেরিকা মুক্ত বাণিজ্য চুক্তি (নাফটা) নিয়ে বসতে যাচ্ছেন। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর গতকাল রোববার তিনি দ্বিতীয় দিনের মত অফিস করেন ।
এ সময় হোয়াইট হাউসের সিনিয়র স্টাফদের উদ্দেশ্যে বক্তৃতাকালে তিনি বলেন, ‘আমরা নাফটা নিয়ে পুনরায় আলোচনা শুরু করতে যাচ্ছি। ট্রাম্প আগামী ৩১শে জানুয়ারি মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটোকে অভ্যর্থনা জানাবেন এবং শিগগিরই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। হোয়াইট হাউস এ কথা জানায় ।
গতকাল রোববার ট্রাম্প টেলিফোনে পেনা নিয়েটো ও ট্রুডোর সঙ্গে কথা বলেন। এ সময় তারা উত্তর আমেরিকায় অর্থনৈতিক সংহতি জোরদারে একমত হন। নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প অঙ্গীকার করেছিলেন, তিনি নির্বাচিত হলে গত ২২ বছরের পুরানো নাফটা চুক্তিকে যুক্তরাষ্ট্রের জন্য আরো সহায়ক করতে পুনরায় আলোচনা শুরু করবেন। হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত ট্রাম্পের আমেরিকা ফার্স্ট ফরেন পলিসিতে বলা হয়েছে, ‘প্রেসিডেন্ট ট্রাম্প নাফটা নিয়ে পুনরায় আলোচনা করতে অঙ্গীকারবদ্ধ। যদি আমাদের অংশীদাররা আলোচনা করতে অস্বীকৃতি জানায়, তাহলে আমেরিকা যেটা সঠিক সেটাই করবে। প্রেসিডেন্ট ট্রাম্প নাফটা থেকে সরে আসার যুক্তরাষ্ট্রের অভিপ্রায়ের নোটিশ দেবেন । ’
গত নভেম্বরে ট্রাম্প বিজয়ী হওয়ার পর মেক্সিকো ও কানাডা নাফটা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে আলোচনার আগ্রহের কথা ঘোষণা করে। বেশিরভাগ রপ্তানি পণ্য শুল্কমুক্ত ও শুল্ক হ্রাসের লক্ষ্যে বিশ্বের অন্যতম বৃহৎ রপ্তানি বাণিজ্য চুক্তি নাফটা স্বাক্ষর করা হয়। ১৯৯৪ সালে এটি কার্যকর হয় ।