
আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় নৌকাডুবির ঘটনার পর সমুদ্র তীর থেকে আরো দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ালো । অবৈধ ইন্দোনেশীয় অভিবাসী বোঝাই এ নৌকাডুবির ঘটনায় এখনো প্রায় ২৫ জন নিখোঁজ রয়েছে। মালয়েশীয় মেরিটাইম ইনফোর্সমেন্ট এজেন্সির স্থানীয় প্রধান সাইফুল লিজান ইব্রাহিম জানান, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্জিং শহরের কাছের তাংজুং লিমান সমুদ্র সৈকতে লাশ দু’টি ভেসে আসে ।
পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা লাশ দু’টি উদ্ধার করে। উভয়ই ইন্দোনেশীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। তিনি আরো জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সমুদ্রে তল্লাশি অভিযান স্থগিত করা হয়েছে । মার্জিং শহর উপকূলের উত্তাল সাগরে নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে প্রায় ৪০ অবৈধ ইন্দোনেশীয় অভিবাসী ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় দু’জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে ।
সাইফুল জানান, ২৭ ফুট দীর্ঘ এ নৌকার মাত্র ১৫ জন যাত্রী বহন করার ক্ষমতা ছিল। নৌকাটি ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপ থেকে মালয়েশিয়া যাচ্ছিল ।