
আন্তর্জাতিক ডেস্কঃ পানামা পেপারস কেলেঙ্কারিতে এবার উঠে এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ের নাম। গত সোমবার এ খবর জানা গেছে। প্রধানমন্ত্রীর মেয়ে মরিয়ম সফদারের স্বপক্ষে বেশ কিছু ডকুমেন্ট টুইটারে পোস্ট করেছে। তারা জানায়, মরিয়ম অফশোর কোম্পানির মালিক। তিনি এ থেকে সুবিধা গ্রহন করে থাকেন ।
ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টের (আইসিআইজে) তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, ১ কোটি ১৫ লাখ ডকুমেন্ট প্রকাশ করেছে পানামা ভিত্তিক ল’ ফার্ম মোসাক ফনসেকা এবং এতে মরিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া গেছে। ব্রিটিশ ভার্জিন দ্বীপে অফশোর কোম্পানি নেসকোল লিমিটেডের একজন তালিকাভুক্ত সুবিধাভোগী মরিয়ম। এতে তার ভাই হুসেইনেরও স্বাক্ষর রয়েছে। এখানে মরিয়ম এবং তার দুই ভাই হাসান ও হুসেইনের কমপক্ষে ৩টি অফশোর কোম্পানি রয়েছে ।
যুক্তরাষ্ট্রের একটি অ-লাভজনক প্রতিষ্ঠান আইসিআইজে’র তথ্য অনুযায়ী, তাদের ফার্মটি ১ কোটি ৩৮ লাখ ডলার মূল্যের যুক্তরাজ্যের সম্পদ কেনা-বেচায় জড়িত ছিল। তাদের একটি হোল্ডিং কোম্পানি ২০০৭ সালের আগস্টে লাইবেরিয়ার একটি কোম্পানির ১ কোটি ১২ লাখ ডলারের শেয়ার ক্রয় করে বলে তথ্যে বেরিয়ে এসেছে। পাকিস্তানে অফশোর কোম্পানির মালিক হওয়া অবৈধ নয়, তবে তহবিলের উত্স নিয়ে সমস্যার পড়বেন প্রধানমন্ত্রী শরীফ। বিরোধীরা অভিযোগ করে বলছেন, ১৯৯০ এর দশকে দুই মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকাকালীন শরীফ দুর্নীতি করে এসব সম্পদ গড়েছেন ।