
আন্তর্জাতিক ডেস্কঃ সরকার এবং বিরোধী দলের সাংসদদের মধ্যে ধস্তাধস্তিতে, পাকিস্তানের জাতীয় পরিষদ যেন যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছিল৷ একটি সংবাদ সংস্থার ভিডিওতে সেই ছবি উঠে আসে৷ এই ঘটনার পর অধিবেশন ১৫মিনিটের জন্য স্থগিত করে দেওয়া হয় ৷ জানা গেছে, বিরোধী দলের ৫ সদস্য স্পীকার আয়াজ সাদিককে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিরুদ্ধে বিশেষাধিকার ভঙ্গের প্রস্তাব স্বীকারের অনুরোধ করে৷ পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা শাহ মেহমুদ কুরেশির পার্টির সদস্যরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠে৷ক্ষমতাসীন পিএমএল-এন-এর সাংসদ শাহিদ অব্বাসী কুরেশিকে তাঁর পার্টির সদস্যদের নিয়ন্ত্রণ করার অনুরোধ জানান৷ কুরেশির সঙ্গে বিপক্ষের সাংসদেরা মারপিটে জড়িয়ে পড়ে ৷
আরও জানা যায়, এরপরেও পাকিস্তান তেহরিফ-ই-ইনসাফের পক্ষ থেকে প্রতিবাদ চলতে থাকে৷ তাঁরা বিক্ষোভ জানিয়ে বলে, অব্বাসী তাদের পার্টির প্রধান ইমরান খানের বিরুদ্ধে অপমানজনক কথা বলেছেন৷ এরপরেই সরকার এবং বিরোধী দলের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়৷ পাকিস্তানের সর্বোচ্চ আদালতে সেই সময় পানামা কাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে যুক্ত একটি মামলার শুনানি চলছিল ৷