
কলকাতা সংবাদদাতা : গ্রামবাসীদের ক্ষোভ ছিল পাওয়ার গ্রিড নিয়ে। কিন্তু, সেই ক্ষোভের আগুনে ভাঙড়ে পুড়ে ছাই হয়ে গিয়েছে পুলিশের একাধিক গাড়ি। যা আদতে সরকারি সম্পত্তি। এই প্রেক্ষাপটে এবার বিক্ষোভের নামে সরকারি সম্পত্তি নষ্ট রুখতে কড়া আইন আনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, আইন আনব। নষ্ট করলে তাকেই টাকা দিতে হবে। সম্পত্তিও ক্রোক করা হতে পারে। সরাসরি ভাঙড়ের নাম না করলেও মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন, এধরনের ঘটনা তাঁর সরকার বরদাস্ত করবে না। বলেন, একটা ঘটনা হল, দু’টো গাড়ি জ্বালিয়ে দিল। সরকার কিন্তু কঠোর। আমাদের টাকা নেই। একটা গাড়ি জ্বালিয়ে দিলেন। টাকা কোথা থেকে আসবে।
১৭ তারিখ পাওয়ার গ্রিড নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর সেখানে গাড়ি রেখেই বেরিয়ে আসেন পুলিশকর্মীরা। কোথাও সেই গাড়ি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। কোথাও গাড়িতে অবাধে ভাঙচুর চালানো হয়। কোথাও আবার পুলিশের গাড়ি জলাশয়ের মধ্যে ফেলে দেওয়া হয়। তারপর থেকে পুলিশ গ্রামে ঢুকতে না পারায় গাড়িগুলি সেভাবেই পড়ে ছিল। শেষমেশ দু’দিন আগে পুলিশ গ্রামে ঢুকে সেই গাড়ি জল থেকে তোলে। দক্ষিণ ২৪ পরগনার বাখরাহাটেও গাড়ির চাকায় পিষ্ট হয়ে মা ও শিশুসন্তানের মৃত্যুর ঘটনায় আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশ ফাঁড়িতে। এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, কথায় কথায় আইন হাতে তুলে নেবেন না। মমতা বলেন, অভিযোগ থাকলে কথা বলুন। কথা বলার জায়গা বন্ধ হয়নি। তাঁর প্রশ্ন, আইন কেন হাতে নিচ্ছেন? আগুন কেন জ্বালাচ্ছেন? ভাঙড়ে আপাতত অবরোধ, বিক্ষোভ প্রত্যাহার করেছে। তবে নয়া আইন এলে রাজ্যের অন্যান্য জায়গাতেও আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর রাশ টানার কাজটা কি সহজ হবে? উত্তর দেবে সময়।