
আন্তর্জাতিক ডেস্ক : জ্বলন্ত ফ্লেয়ার বা মশাল নিক্ষেপের ঘটনায় সৃষ্ট আতঙ্ক-উদ্বেগ নিরসনে পাকিস্তানের করাচিস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেখানে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিক এবং কর্মীদের বাসায়ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। মিশন এলাকা এবং কূটনীতিকদের নিয়মিত যাতায়াত পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল বাড়িয়েছে। করাচি মিশন থেকে প্রাপ্ত ই-মেইলের বরাতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা গতকাল এসব কথা বলেন। করাচিস্থ মিশনের চ্যান্সারি কমপ্লেক্সের দেয়ালে গত মঙ্গলবার সন্ধ্যায় জ্বলন্ত মশাল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার প্রতিবাদ জানাতে পরদিন (বুধবার) দুপুরে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার রফিউজ্জামান সিদ্দিকীকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। পাকিস্তানে থাকা বাংলাদেশের দু’টি মিশন করাচি ও ইসলামাবাদে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিক, কর্মীসহ মিশন-সংশ্লিষ্টদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির প্রতি তাগিদ দেয়া হয়।
পররাস্ট্র মন্ত্রনালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা নিউজ-৭১ কে জানান, মশাল নিক্ষেপের ঘটনার পর তাৎক্ষণিক দেশটি রাষ্ট্রাচার বিভাগ এবং চ্যান্সারি পুলিশসহ সংশ্লিষ্টদের ঘটনার বিস্তারিত অবহিত করা হয়। তাদের জানানো হয়- কয়েকজন দুর্বৃত্ত মিশনকে লক্ষ্য করে মশালটি ছুড়ে মারে এবং মিনিটখানেক জ্বলার পর তা নিভে যায়। রাতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় থানা এবং পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা নিক্ষিপ্ত বস্তুটি জ্বলন্ত ফ্লেয়ার বা মশাল বলে চিহ্নিত করেন। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রাচার বিভাগের কর্মকর্তারা মিশন পরিদর্শন করেন জানিয়ে ঢাকার পররাষ্ট্র দপ্তরের প্রশাসন অনুবিভাগের এক কর্মকর্তা গতকাল বলেন, রাষ্ট্রাচার ও পুলিশের তরফে মিশন সংশ্লিষ্টদের সার্বিক নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়েছে পাকিস্তান।
তলবকালে ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনারের পক্ষ থেকেও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ঘটনার পর মিশন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে গতকাল রিপোর্ট পেয়েছেন বলে জানান ওই কর্মকর্তা। তবে করাচির সুরক্ষিত ওই এলাকায় আচমকা এমন ঘটনার দু’দিন অতিবাহিত হলেও এর রহস্য উদ্ঘাটন বা দুর্বৃত্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় এখনো উদ্বেগ কাটেনি বলে জানান তিনি। ঢাকায় করাচি মিশনের সরবরাহ করা তথ্য (ই- মেইল) মতে, ঘটনার পর দিন (বুধবার) এবং গতকাল করাচিস্থ উপ-হাইকমিশনে স্বাভাবিক নিয়মে দাপ্তরিক কাজকর্ম চলছে। ইসলামাবাদস্থ বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা পরিস্থিতি এবং কার্যক্রমও স্বাভাবিক রয়েছে বলে সেগুনবাগিচার তরফে জানানো হয়েছে।