
আন্তর্জাতিক ডেস্ক : রাজভবনের ভিতরেই খোদ রাজ্যপালের নারীসঙ্গ নিয়ে সোচ্চার হলেন রাজভবনের কর্মীরাই! মেঘালয়ের রাজ্যপাল ভি সম্মুগনাথনের বিরুদ্ধে এবার সরব হয়েছেন রাজভবনের কর্মীরা। খোদ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠিয়ে রাজভবনের কর্মীরা বিশদে জানিয়েছেন কীভাবে রাজ্যপাল রাজভবনে নারীসঙ্গ করেন। নিয়মনীতির তোয়াক্কা করেন না তিনি। রাজ্যপালের চরিত্র নিয়ে রাজভবনের কর্মীদের এভাবে সরব হওয়া রাজ্য তথা দেশের ইতিহাসে বিরল ঘটনা!
সমপ্রতি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক মহিলা। তার অভিযোগ ছিল, গত বছর ৭ই ডিসেম্বর রাজ্যপালের জনসংযোগ আধিকারিক পদে (পিআরও) সাক্ষাৎকারের জন্য তিনি রাজভবনে গিয়েছিলেন। আরো কয়েকজন মহিলা প্রার্থীও সেখানে ছিলেন। অভিযোগকারীর দাবি, রাজ্যপাল তাকে নিজঘরে ডেকে নিয়ে জড়িয়ে ধরেন, অশ্লীল প্রস্তাব দেন। অভিযোগ উড়িয়ে মেঘালয়ের স্থায়ী ও অরুণাচলের দায়িত্বপ্রাপ্ত রাজ্যপাল ভি সম্মুগনাথন জানান, চাকরিপ্রার্থীরা তার নাতনির মতো। তাদের নিছক উৎসাহ দিতেই পিঠ চাপড়েছিলেন মাত্র।
ঘটনার পরে দাবি ওঠে, সাক্ষাৎকারঘরের সিসিটিভি ফুটেজ দেখা হোক। কিন্তু জানা গিয়েছে, নিরাপত্তাকে বুড়ো আঙুল দেখিয়ে রাজভবনের সিংহভাগ অংশে সিসি ক্যামেরাই নেই। রাজ্যপালের নির্দেশে রাজভবনেও ছিল বহিরাগত মহিলাদের অবারিত দ্বার। এরপরই গতকাল রাজভবনের কর্মীরা একজোট হয়ে সম্মুগনাথনের বিরুদ্ধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। ১০০ জন কর্মীর স্বাক্ষর-সহ স্মারকপত্র পাঠানো হয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর দপ্তরে।
স্মারকলিপিতে লেখা হয়েছে, তামিলনাড়ুর প্রবীণ আরএসএস নেতা সম্মুগনাথন ২০১৫ সালে মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই রাজভবনের ঐতিহ্য এবং নিয়মকানুন ভাঙা শুরু করেন। এখনকার রাজভবন লীলাক্ষেত্রে পরিণত হয়েছে। রাজ্যপালের কড়া নির্দেশে একেবারে অন্দরমহল পর্যন্ত রয়েছে মহিলাদের অবাধ গতিবিধি। নেই সিসি ক্যামেরা। সব মিলিয়ে নিরাপত্তা ব্যবস্থাও ভাঙা হচ্ছে।
রাজ্যপালের বর্তমান এক মহিলা ব্যক্তিগত সচিব তথা পিআরও-র নামোল্লেখ করে স্মারকপত্রে দাবি করা হয়েছে, ওই মহিলা রাজ্যপালের মণিপুর সফরেও সঙ্গী ছিলেন (মণিপুরেও ভারপ্রাপ্ত রাজ্যপাল ছিলেন সম্মুগনাথন)। ইম্ফল রাজভবনে একই ঘরে ছিলেন তারা। স্মারকলিপি অনুযায়ী, রাজ্যপালের ওই পিআরও-র নিজের কোনো দপ্তর নেই। রাজ্যপালের শয়নকক্ষের লাগোয়া পিআরও-র শয়নকক্ষ। সেখান থেকেই কাজ করেন তিনি। তার আত্মীয়া ও বান্ধবীরাও ইচ্ছেমতো রাজভবনে এসে থাকেন। রাজভবনে বেতনভুক্ত অনেক রাঁধুনী আছেন। আছে মেডিকেল ইউনিট। তা সত্ত্বেও রাজ্যপাল দক্ষিণের এক মহিলাকে ব্যক্তিগত রাঁধুনি ও এক মহিলাকে ব্যক্তিগত নার্স হিসেবে নিয়োগ করেন। ওই নার্স নাইট ডিউটিতেও থাকতেন। শেষ পর্যন্ত একরাতে রাজ্যপালের সঙ্গে ঝগড়ার পরে ওই সেবিকা চলে যান। ওই নার্স, পিআরওদের গাড়িসহ বিভিন্ন বেআইনি সরকারি সুবিধা দিয়েছেন রাজ্যপাল।
যে শ্লীলতাহানির ঘটনা নিয়ে বিতর্কের সূত্রপাত সেই ঘটনা অস্বীকার করে রাজ্যপাল দাবি করেন, তিনি নিজে ওই প্রার্থীকে ডাকেননি, সন্ধ্যা ৭টার পরে দেখাও করেননি। কিন্তু ওই মহিলা প্রার্থীর মোবাইলে রাজ্যপালের নম্বর থেকে পাঠানো হোয়াটসঅ্যাপ বার্তা আছে। রাজভবনের রেজিস্টারেও দেখা যাচ্ছে, ৭ই ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে রাজ্যপালের বাড়িতে ঢোকেন ওই মহিলা। বের হন রাত ৮টা ০৫ মিনিটে। ওই দিন ১০ জন মহিলা প্রার্থীকে ডেকেছিলেন রাজ্যপাল।
রাজভবনের কর্মীদের অভিযোগ, রাজ্যপাল ও তার এডিসিদের দুর্ব্যবহারেও তারা অতিষ্ঠ। রাজভবনের কিচেন গার্ডেনের তদারকিতে সরকারি একাধিক মালি থাকলেও রাজ্যপাল নিরাপত্তার দায়িত্বে থাকা অসম রাইফেলসের জওয়ানদের বাগান পরিচর্যার কাজে লাগিয়েছেন। আরো অভিযোগ, রাতারাতি রাজভবনের প্রধান সচিবকে অপসারণ করেন রাজ্যপাল। রাজভবনের ঐতিহ্যপূর্ণ ডাইনিং হলকে বদলে দিয়ে দপ্তরে পরিণত করেছেন তিনি। রাজ্যপালের দাবি ছিল, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম মারা যাওয়ার সময় তিনি সঙ্গে ছিলেন। রাজভবন কর্মীদের দাবি, ওই ঘটনার সময় রাজ্যপাল ঘুমোচ্ছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন আসার পরে তিনি হাসপাতালে যান। এমন অনেক মিথ্যা বলেন সম্মুগনাথন। শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদে এবং রাজ্যপাল এভাবে রাজভবনের মর্যাদাহানি করায় মেঘালয়ের নারী সংগঠনগুলো ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। এদিন বিকালে রাজভবনের সামনে বিক্ষোভ দেখানো হয়। অবিলম্বে রাজ্যপাল বদলেরও দাবি ওঠে।