News71.com
 International
 28 Jan 17, 06:18 PM
 269           
 0
 28 Jan 17, 06:18 PM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইউরোপের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ ।। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইউরোপের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ ।। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ

আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ সতর্ক করে দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন নয়া মার্কিন প্রশাসন ইউরোপের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। ইউরোপের ব্যাপারে ট্রাম্প প্রশাসন বেশ কিছু বিতর্কিত নীতি গ্রহণ করতে যাচ্ছে বলে খবর প্রকাশিত হওয়ার পর এ মন্তব্য করলেন ওলাঁদ । তিনি জার্মানির রাজধানী বার্লিনে গতকাল শুক্রবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। ফরাসি প্রেসিডেন্ট বলেন, মার্কিন প্রশাসন ইউরোপের বাণিজ্যিক আইনের পাশাপাশি বিশ্বব্যাপী সংকট সমাধানে ইউরোপের সক্ষমতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। একই সঙ্গে ট্রাম্পের সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন ওলাঁদ ।

তিনি বলেন, ইউরোপের স্বার্থ ও মূল্যবোধ রক্ষার জন্যই এ সাক্ষাৎ জরুরি। ইউরোপের বিভিন্ন দেশে ‘উগ্রবাদী’দের সংখ্যা বেড়ে যাওয়াকে গোটা ইউরোপীয় ইউনিয়নের জন্য বড় হুমকি হিসেবে তুলে ধরেন ওলাঁদ। যৌথ সংবাদ সম্মেলনে অ্যাঙ্গেলা মার্কেল বলেন, বিশ্ব পরিস্থিতি নাটকীয়ভাবে এবং দ্রুত পরিবর্তিত হয়ে যাচ্ছে। এ অবস্থায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান তিনি ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন