
আন্তর্জাতিক ডেস্কঃ বলিউড কিংবদন্তী অমিতাভ বচ্চনের পর হালে জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। ভারতে নরেন্দ্র মোদির সরকার তাকে যুক্ত করল 'স্বচ্ছ ভারত' অভিযানে। ভারতজুড়ে বাড়ি বাড়ি শৌচাগার তৈরি প্রকল্পের প্রচারে দেখা যাবে এই বলিউড সুন্দরীকে। টাইমস অব ইন্ডিয়া বলছে, ভারতের কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রণালয় 'স্বচ্ছ ভারত' প্রকল্পের প্রচারণার জন্য আনুশকাকে নির্বাচিত করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, 'স্বচ্ছ ভারত' অভিযানে আনুশকা যুক্ত হলে তাদের বার্তা আরও বেশি মহিলার কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। কারণ এই মুহূর্তে দেশের তরুণ সমাজ ও নারীদের মধ্যে আনুশকা বেশ জনপ্রিয়। সরকারি কর্মকর্তারা আরও বলেন, শুধু সৌন্দর্যে নয়; নানা ইস্যুতে বিভিন্ন সময় আনুশকা যেভাবে সরব হয়েছেন তা প্রশংসনীয়। এসব মাথায় রেখেই তাকে 'স্বচ্ছ ভারত' অভিযানে যুক্ত করা হয়েছে।
এরই মধ্যে অবশ্য বাড়ি বাড়ি শৌচাগার তৈরির প্রচারণা শুরু হয়ে গেছে। সরকারের এই প্রকল্পের সঙ্গে যুক্তরা বলছেন, প্রত্যন্ত এলাকায় অনেক পুরুষ শৌচাগার তৈরির বিরুদ্ধে। কিন্তু মেয়েদের জন্য এটি খুবই জরুরি। তাদের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখেই প্রকল্পটি হাতে নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রকল্প সংশ্লিষ্টদের মতে, আনুশকার অভিনয় হোক বা ব্যক্তিগত জীবন হোক; তা সব সময়ই মেয়েদের অনুপ্রেরণা যুগিয়েছে। তাই ঘরে ঘরে শৌচাগার তৈরির প্রচারণায় তার ওপর আস্থা রাখছে কেন্দ্রীয় সরকার।