
আন্তর্জাতিক ডেস্কঃ সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা বিশ্ব অর্থনৈতিক ফোরামের ডব্লিউইএফ ৪৭তম বার্ষিক সম্মেলনের তৃতীয় দিনে গতকাল সবাইকে মাতালেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে। সম্মেলনে যোগ দেওয়া বৈশ্বিক নেতাদের বাণিজ্য বিষয়ে সতর্ক করে তিনি সবার নজর কাড়েন। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে তাঁর বক্তব্যে বিশ্বনেতাদের একটি বার্তা দেন, যুক্তরাজ্য ব্যবসায়ের জন্য উন্মুক্ত। ইউরোপীয় ইউনিয়নের ইইউ সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক এমন সম্পর্কই বজায় রাখতে চায় যুক্তরাজ্য। তবে বাস্তবে সেটি সম্ভব কি না তা নিয়ে ইইউর অনেক নেতাই নিশ্চিত নন।
থেরেসা মে আরও একটি বার্তা দিয়ে বলেন, ‘আমি বিশ্বের অভিজাত ব্যক্তিদের স্বাগত জানাতে এই সমাবেশস্থলে আসিনি। আমি তাঁদের সবাইকে বাণিজ্য বিষয়ে সতর্ক করতে এসেছি।’ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী জানান, তিনি বিশ্বায়ন, মুক্ত বাণিজ্য সমর্থন করে আসছেন। তবে এসবের জন্য তিনি যেকোনো মূল্য দিতেও রাজি নন বলে উল্লেখ করেন। আবার ধনীরা যা চান তা-ও তিনি সমর্থন করেন না বরং তিনি ভিন্ন উপায়ে বিশ্বায়ন ও মুক্ত বাণিজ্য নিয়ে কাজ করতে আগ্রহী।
থেরেসা মে আরও জানান, তাঁর দেশ যুক্তরাজ্য মুক্তবাজারের বিকাশ ও মুক্ত বাণিজ্য সমর্থন করে যাবে। এর ফলে সবার জীবনমানের উন্নতি ঘটবে বলে তিনি উল্লেখ করেন। এদিকে থেরেসা মের বক্তব্য দাভোসে ডব্লিউইএফের সম্মেলনে যোগ দেওয়া গণমাধ্যম প্রতিনিধিসহ বিশিষ্ট ব্যক্তিত্বদের প্রশংসা কুড়ায়। যেমন পোল্যান্ডের বিখ্যাত মিডিয়া আইটিআই গ্রুপের প্রধান নির্বাহী ওজেশিয়েক কস্ত্রেজা বলেন তাঁর বক্তব্যটি খুবই ভালো হয়েছে।’
কস্ত্রেজা আরও বলেন তিনি মুক্ত বাণিজ্য ও বিশ্বায়নের প্রতি তাঁর প্রতিশ্রুতির কথা স্পষ্ট করে দিয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক আইনি প্রতিষ্ঠান কভিংটনস ইন্টারন্যাশনাল প্র্যাকটিসের প্রতিনিধিদলের প্রধান ও সে দেশের সাবেক রাষ্ট্রদূত স্টুয়ার্ট এইজেনস্টেটও থেরেসার বক্তব্যকে অত্যন্ত ইতিবাচক বলে মন্তব্য করেন। স্টুয়ার্ট বলেন, থেরেসা মের বক্তব্য থেকে পরিষ্কার হলো যুক্তরাজ্য ইউরোপ থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছে না। তিনি মুক্ত বাণিজ্যের পক্ষে থাকার কথা জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা দিলেন অন্যদের। ডব্লিউইএফের এবারের সম্মেলনে বিশ্বের অন্তত ৫০টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান যোগ দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে যোগ দিয়েছেন।