
নিউজ ডেস্কঃ বিশ্ব ব্যাংক স্বেচ্ছাধীন তহবিলসহ তৃণমূল পর্যায়ে স্থানীয় সরকারের ক্ষমতায়নে ৩ শ মিলিয়ন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে। যা স্থানীয় সরকারের অগ্রাধিকার নির্ধারণ ও বাস্তবায়নে কমিউনিটিগুলোকে আরো সক্রিয় করবে। পুর্ববর্তী ২টি প্রকল্পের সাফল্যের প্রেক্ষাপটে লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) ৪ হাজার ৫ শ ৫০টি ইউনিয়ন পরিষদের সবগুলোতে কাজ করবে ।
এতে ১ কোটি ১৫ লাখ মানুষ উপকৃত হবে। এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় সরকারও সম্প্রসারিত হবে। প্রথমে ৮ বিভাগের ১৬ পৌরসভায় এ প্রকল্প সম্প্রসারিত হবে। সেবা কার্যক্রমের উন্নয়নে সহায়ক প্রকল্প গ্রহণে এ প্রকল্প কাজ করবে। এ প্রকল্পে বিশ্বব্যাংকের টিম লিডার শেংহুয়া ওয়াং বলেন, ক্ষমতায়নে গুরুত্বারোপ করা হবে। এজন্য প্রকল্পটির ৩০ শতাংশ অর্থ নারীদের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ডের জন্য নির্ধারিত রয়েছে । এ ঋণ বিশ্ব ব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন থেকে দেয়া হবে। এতে কোনো সুদ নেই, তবে সার্ভিস চার্জ হিসেবে ০.৭৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ৬ বছর ছাড়সহ ৩৮ বছরে এ ঋণ পরিশোধ করতে হবে ।