
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় শীর্ষ স্থানীয় তালেবান এক নেতার ভাতিজা এবং জামাইসহ ৬ তালেবান নিহত হয়েছে। পাকিস্তান-আফগান সীমান্তবর্তী খোস্ত এলাকায় আজ (বৃহস্পতিবার) এ হামলা চালানো হয়। ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এই প্রথম আফগানিস্তানে ড্রোন হামলা হলো ।
স্থানীয় পুলিশের মুখপাত্র বলেছেন, নিহত ৬জনের মধ্যে দলছুট তালেবান নেতা মোল্লা মোহাম্মদ রাসুলের ভাতিজা এবং জামাই রয়েছেন। একটি গাড়িতে করে মোল্লা আখতার রাসুলসহ ৫ তালেবান সদস্য তাদের গোপন আস্তানার দিকে যাওয়ার পথে এ হামলা চালানো হয়। হামলায় গাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। অবশ্য মোল্লা আখতার রাসুল নিহত হওয়ার কথা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি ।