
আন্তর্জাতিক ডেস্কঃ 'বিপজ্জনক' ইসলামিক দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে সবাই ট্রাম্পের সমালোচনা করলেও তাকে সমর্থন করছেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ জাহেদ আল নাহিয়ান। সম্প্রতি আবুধাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে পাশে বসিয়ে ওই সিদ্ধান্ত আমেরিকার সার্বভৌমিক অধিকারের অন্তর্গত বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি, এ কথাও বলেন যে, এই সিদ্ধান্তকে মুসলিম বিরোধী বলা যৌক্তিক নয় ।
আবদুল্লাহ জাহেদ আল নাহিয়ানের ভাষ্য, প্রত্যেক দেশেরই সার্বভৌমত্ব রক্ষার জন্য সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। সবাই চায় যে, তাদের দেশের নাগরিকরা নিরাপদে থাকুক। তাই আমেরিকার এই সিদ্ধান্তকে কখনোই পুরো একটি জাতির বিরোধিতা করার জন্য নেয়া হয়েছে বলে ভাবা যাবে না। তাছাড়া এই সিদ্ধান্ত সাময়িক সময়ের জন্য নেওয়া হয়েছে। শিগগিরই হয়ত এই সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে ।
'বিপজ্জনক' ইসলামিক দেশগুলোর (ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া, লিবিয়া ও সুদান) নাগরিকদের আমেরিকায় প্রবেশের উপর ৩ মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তের পরই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। আমেরিকাতে ট্রাম্প-বিরোধীরা এ নিয়ে বিরোধিতা করার পাশাপাশি আদালতে মামলা করেছেন। এই সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প-বিরোধী কথা বলার জন্য পদ খুইয়েছেন আমেরিকার অ্যার্টনি জেনারেল। বিরোধীরা বলে আসছেন, শুধু মুসলিম বিরোধিতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প ।