
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএস নিয়ন্ত্রিত রাকা শহরে পানির মূল লাইনে সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। মার্কিন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পানির মূল পাইপলাইনটি। মূলত শহরটি দখলের জন্যই এ হামলা চালায় তারা। সিরিয়ার কুর্দি সেনাদের সঙ্গে নিয়ে রাকার সাথে অন্য শহরগুলোর সকল ধরনের যোগাযোগ বন্ধ করার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্রে। গত ডিসেম্বরে সিরিয়ায় ২০০ অতিরিক্ত সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। ২০১৪ সাল থেকে সিরিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাকা শহরটি আইএসের দখলে ।
রাকার হামিদ আল মুসা বলেন, ‘জোট বাহিনীর বিমান হামলায় পানির প্রধান সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে এবং রাকা নগরীর সব জায়গায় পানি সবরাহ বন্ধ হয়ে গেছে।’ এই হামলায় রাকার ওল্ড ব্রিজে একটি পাইপলাইন ধ্বংস হয়েছে। এটা স্থানীয়দের পানি পাবার একমাত্র উৎস ।
তুরস্ক সীমান্ত থেকে ৯০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত রাকা সিরিয়ায় আইএস এর প্রধান ঘাঁটি। শহরটিতে ৩ লাখের বেশি লোকের বাস। এই নগরী ও আশপাশের প্রদেশগুলোতে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী ও সিরিয়া সরকারের মিত্র রাশিয়া আইএস এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ।