
আন্তর্জাতিক ডেস্কঃ শিশু ইফতেখারকে তার মার কাছে ফিরিয়ে দেওয়ায় ভারতকে ধন্যরবাদ জানিয়েছে পাকিস্তান।
নিজ সন্তান ইফতেখার আহমদকে ভারতে নিয়ে গিয়েছিলেন পিতা, এগার মাস পর পাঁচ বছর বয়সী ওই শিশুকে পাকিস্তানে তার মার কাছে ফিরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। গতকাল শনিবার ভারত-পাকিস্তানের ওয়াগা সীমান্ত পথে ইফতেখারকে পাকিস্তানি কর্মকর্তাদের হাতে তুলে দেন ভারতীয় কর্মকর্তারা। গত বছর একটি বিয়ের অনুষ্ঠানের যোগ দেওয়ার ভান করে ইফতেখারের বাবা গুলজার আহমদ ছেলেকে ভারতে নিয়ে যান। তার মা রোহিনা কায়ানি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে রয়ে যান।
ভারত-নিয়ন্ত্রিত কাশ্মিরের গান্দেরবাল গ্রামে গুলজারের জন্ম ও বেড়ে ওঠা। ১৯৯০ সালে তিনি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে চলে যান। ওই সময় ভারতীয় শাসনের বিরুদ্ধে কাশ্মিরিদের বিদ্রোহ চরম আকার ধারণ করেছিল। সামরিক প্রশিক্ষণের উদ্দশ্যেই গুলজার পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মিরে পাড়ি জমিয়েছিলেন বলে অভিযোগ আছে। ২০১৬-র মার্চে গুলজারকে গ্রেপ্তার করে ভারতীয় পুলিশ। তাকে তারা নিজেদের হেফাজতে নিয়ে যায়। কিন্তু গোল বাধে তার সঙ্গে থাকা শিশু সন্তান ইফতেখারকে নিয়ে। সে তার বাবাকে ছাড়া থাকতে না চাওয়ায় তাকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়।
পাঁচ দিন ধরে ইফতেখার পুলিশ হেফাজতে থাকার পর তাকে নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে বিতর্ক দেখা দেয়।
পরে ইফতেখারের বাবাকে জামিনে মুক্তি দেয়া হয়। ভারতের একটি আদালত শিশুটিকে তার মায়ের কাছে ফেরত পাঠানোর নির্দেশ দিলে ভারত ও পাকিস্তানি কর্তৃপক্ষ এ ব্যাপারে উদ্যোগী হয় বলে এক প্রতিবেদনে বলা হয়েছে। উল্লেখ্য ছেলেকে ফিরে পাওয়ার আশায় গত বছরই স্বামী গুলজারের বিরুদ্ধে ছেলেকে ‘অপহরণের’ অভিযোগ করেছিলেন রোহানি। অভিযোগে এই পাক রমনী জানিয়েছিলেন, ২০০২ সালে বিয়ের পর এক দশকের মধ্যেও কোনো সন্তান না হওয়ায় ২০১২ সালের জানুয়ারিতে ইফতেখারকে দত্তক নেন তারা।
রোহানি আরও জানান গত ২০০৫ এর ভয়াবহ ভূমিকম্পে তার পরিবারের অনেকেই মারা যান, তাদের মধ্যে তার ছোট ভাই ইফতেখারও ছিল। যে কারণেই দত্তক নেয়া সন্তানকে ভাইয়ের নামেই নাম রাখেন । ২০১৬ সালে গুলজার খাইবার পাখতুনখাওয়ায় এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের কথা বলে ইফতেখারকে নিয়ে যান বলে জানান এ নারী।
তিনদিন ধরে ফোনে না পেয়ে গুলজারের পরিবারের সঙ্গে কথা বলে রোহানি বুঝতে পারেন, তার স্বামী তাকে না জানিয়ে ছেলেকে দুবাই হয়ে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে নিয়ে গেছে; এরপরই থানায় অভিযোগ করেন তিনি। তবে
রোহানির এ অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছে গুলজারের পরিবার। তাদের দাবি, গুলজারই ইফতেখারের জন্মদাতা পিতা।
এদিকে ইফতেখারকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত মা রোহিনা এ ঘটনাকে ‘অলৌকিক’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। গতকাল শনিবার তিনি সাংবাদিকদের বলেন, ছেলেকে ফিরে পাবার সব আশা ছেড়ে দিয়েছিলেন। ইফতেখারকে ফিরিয়ে আনায় পাকিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান রোহানি। অপরদিকে ইফতেখারকে ফিরিয়ে দেওয়ায় ভারতকে আনুষ্ঠানিকভাবে ধন্যাবাদ জানিয়েছে পাকিস্তান সরকার ।