
আন্তর্জাতিক ডেস্কঃ আবারও রাশিয়ার সঙ্গে সুসম্পর্কের বার্তা দিলেন সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের চরিত্র নিয়েও। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনে দেওয়া এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশ্ন তুলেছেন- আমাদের দেশটি ( আমেরিকা ) কি নিষ্পাপ? মার্কিন সংবাদমাধ্যমে গত শনিবার সাক্ষাৎকার দেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও পুতিনকে খুনি বলে উল্লেখ করলে ট্রাম্প বলেন, আমি তাকে শ্রদ্ধা করি। আমি আরও অনেক লোকজনকেই শ্রদ্ধা করি। কিন্তু তার মানে এই নয় যে, তাদের সবার সঙ্গে আমি একভাবেই চলি।
পুতিনের প্রতি নিজের সমর্থন জানিয়ে ট্রাম্প বলেন, তিনি তার দেশের নেতা। আমি যা বলছি, তা হলো রাশিয়াকে সঙ্গে নিয়ে চলাটাই আমাদের জন্য ভালো। যদি তারা বিশ্বব্যাপী এ সময়ের সবচেয়ে বড় হুমকি আইএস এবং ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সহযোগিতা করে, তা হলে এটি অবশ্যই একটি ভালো বিষয়। আমার কি তার সঙ্গে চলা উচিত নয়? এর বিপরীতে ও’ রেইলি ট্রাম্পের কথা সমর্থন না করে পুতিন সম্পর্কে বলেন, তিনি একজন খুনি হলেও তাকে সমর্থন করবেন? পুতিন একজন খুনি। বক্তব্যের জবাবে ট্রাম্প যুক্তরাষ্ট্র সম্পর্কে প্রশ্ন তুলে বলেন, এখানেও অনেক হত্যাকারী রয়েছে। আমাদেরও অনেক হত্যাকারী রয়েছে। আপনি কি মনে করেন, আমাদের দেশটি নিষ্পাপ?’
পুতিনের সমর্থনে এবারই প্রথম মুখ খোলেননি ট্রাম্প। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প তার বক্তব্যে ওবামা ও পুতিনের তুলনায় বলেন, রুশ প্রেসিডেন্ট আমাদের প্রেসিডেন্ট থেকে অনেক ভালো। তিনি আরও বলেন, নিজ দেশের ওপর তার (পুতিন) অসাধারণ নিয়ন্ত্রণ রয়েছে। ৮২ শতাংশ জনগণের সমর্থন পুতিনের সঙ্গে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এর আগে ২০১৫ সালের ডিসেম্বরেও পুতিনের প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়েছিলেন ট্রাম্প। তিনি আরও বলেন, এটি তার জন্য খুবই গর্বের বিষয় যে, পুতিন তাকে ‘প্রতিভাবান’ বলে উল্লেখ করেছেন।
সাবেক মার্কিন প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের কথা দাবি করছে। তাদের দাবি, ট্রাম্পকে জয়ী করার জন্যই পুতিন মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মে মাসে ইতালিতে জি-৭ সম্মেলনে যোগ দেবেন। এটা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এ মহাদেশে তার প্রথম সফর হতে পারে। গতকাল রোববার হোয়াইট হাউস জানায়, ট্রাম্প সিসিলির তাওরমিনায় সাত শীর্ষ শিল্পোন্নত দেশের বৈঠকে যোগ দেবেন। ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলোনির সঙ্গে টেলিফোনে তার কথা বলার পর এ কথা জানানো হয়। হোয়াইট হাউস জানায়, টেলিফোনে আলাপকালে ট্রাম্প ন্যাটোর প্রতি মার্কিন অঙ্গীকার ও প্রতিরক্ষা ব্যয়ের বোঝা ন্যাটোর মিত্রদের বহন করার ওপর গুরুত্বারোপ করেন।