
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কূটনীতিক ও আমেরিকায় নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত আকরাম জাকি বলেছেন, আমেরিকার লোকেরা একসময় কয়েকটি দেশের সরকার পরিবর্তনের নীতি অনুসরণ করত, কিন্তু এখন নিজেরাই দেশের ভেতরে সরকার পরিবর্তনের নীতি অনুসরণ করছে ।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে আমেরিকাজুড়ে চলমান বিক্ষোভ-প্রতিবাদের বিষয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে আকরাম জাকি এসব কথা বলেছেন। তিনি বলেন, আমেরিকায় এখন অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই চলছে এবং জনগণ নতুন সরকারের পরিবর্তন চায়। তার মতে, ট্রাম্প হচ্ছেন রাজনীতিতে নতুন ব্যক্তিত্ব যিনি কখনই সরকারের অংশ ছিলেন না। পাকিস্তানের এ প্রবীণ কূটনীতিক বলেন, ৭টি মুসলিম দেশের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্প যে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছেন তা মার্কিন সংবিধানের সাথে সাংঘর্ষিক ।
সংবিধান এড়িয়ে তিনি নির্বাহী আদেশবলে কোনভাবেই কাউকে আমেরিকায় যাওয়া নিষিদ্ধ করতে পারেন না। আমেরিকায় অভিবাসী নিষিদ্ধ করার কোনো আইনও নেই বলে তিনি জানান। আকরাম জাকি বলে, মধ্যপ্রাচ্যে প্রেসিডেন্ট ট্রাম্প কোনো যুদ্ধে জড়িয়ে পড়বেন বলে মনে হয় না বরং রাশিয়ার সাথে তিনি দ্বন্দ্ব মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। এছাড়া, উগ্রবাদী গোষ্ঠী আইএস নির্মূল করতে চান তিনি ।