
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার আলেপ্পো নগরীতে ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি সংগঠনের সৈন্যরা তাদের সর্বশেষ ঘাঁটিতে ‘পুরোপুরি অবরুদ্ধ’ হয়ে পড়েছে। সরকারপন্থী বাহিনী বিভিন্ন ফ্রন্ট থেকে জিহাদিদের কোণঠাসা করার প্রেক্ষাপটে তারা অবরুদ্ধ হয়ে পড়ে। গতকাল সোমবার এ খবর জানা গেছে । মানবাধিকার সংগঠন জানায়, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত বাহিনী উত্তরাঞ্চলীয় আল বাব শহরমুখী একটি সড়ক বিচ্ছিন্ন করার পর আইএস যোদ্ধারা অবরুদ্ধ হয়ে পড়ে। সংগঠনটি জানায়, সরকারি বাহিনী দক্ষিণ দিক থেকে এবং তুরস্ক ও বিদ্রোহী বাহিনী পূর্ব, উত্তর ও পশ্চিম দিক থেকে আল বাব শহর পুরোপুরি অবরুদ্ধ করে ফেলেছে। মানবাধিকার সংগঠনের প্রধান রামি আব্দেল রহমান বলেন, ‘সিরিয়ার সরকারি বাহিনী ও মিত্র মিলিশিয়ারা আল বাব-রাকার মধ্যে সর্বশেষ রাস্তা দখল করে নিয়েছে ।
তিনি বলেন, আল বাবের চারপাশে চলমান সংঘর্ষে গতকাল সোমবার কমপক্ষে ১১ সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছে। তুরস্ক সীমান্তের ২৫ কি.মি. দক্ষিণে আল-বাব শহর অবস্থিত। আলেপ্পো প্রদেশে আইএসের সর্বশেষ শক্ত ঘাঁটি আল বাব শহরটিকে অবরুদ্ধ করে ফেলা সামগ্রিক এ যুদ্ধে প্রায় সব পক্ষের জন্য সফলতা বলে বিবেচনা করা হচ্ছে। মানবাধিকার সংগঠন আরো জানায়, গতকাল সোমবার মধ্যাঞ্চলের হোমস প্রদেশে আইএসের সংঘর্ষে কমপক্ষে ১৪ সরকারি যোদ্ধা নিহত হয়েছে ।