
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মতোই পাকিস্তানের মাটিতে আশ্রয় পাওয়া মাসুদ আজহারকে বিশ্ব সন্ত্রাসবাদী ঘোষণা করতে চেষ্টার কসুর নেই আমেরিকার। কিন্তু বাধা সেই চীন। জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞা কমিটির তালিকায় মাসুদের নাম উঠলে পাকিস্তানসহ একাধিক দেশে তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে, তার যাতায়াতের ওপরও নিষেধাজ্ঞা চাপবে। ডিসেম্বরে পঠানকোট হামলার মাথা মাসুদকে জাতিসঙ্ঘকে দিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করাতে ভারতের উদ্যোগ চীন ভণ্ডুল করে দেয়ার কয়েক সপ্তাহ পর ওই তার বিরুদ্ধে সক্রিয় হয় মার্কিন প্রশাসন ।
সরকারি সূত্রের খবর, গত মাসের মাঝামাঝি ব্রিটেন, ফ্রান্সের সমর্থন নিয়ে জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞা কমিটি ১২৬৭-তে মাসুদের বিরুদ্ধে প্রস্তাব পেশ করে আমেরিকা। ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হওয়া ওই প্রস্তাবে বলা হয়, জয়েশ-ই-মহম্মদ যেখানে ঘোষিত সন্ত্রাসবাদী গোষ্ঠী, তার নেতারা ছাড় পেতে পারে না। কিন্তু বাধা দেয় চীন । তারা আপত্তি তুলে প্রস্তাবটি আটকে দেয়। ওই কমিটিতে কোনো প্রস্তাব গ্রহণ বা আটকে দেয়ার বা তার ওপর সিদ্ধান্ত গ্রহণ ঠেকিয়ে রাখার ১০ দিনের মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েকদিন আগে চীন মাসুদের বিরুদ্ধে আনা ওই প্রস্তাবে বেঁকে বসে। চীনের ওই পদক্ষেপ স্থায়ী হবে ৬ মাস। তার পরও তার মেয়াদ ৩ মাস বাড়ানো যায়। এই সময়সীমার মধ্যে ঠেকিয়ে রাখার পদক্ষেপকে ‘ব্লক’-এ বদলেও দেয়া যায়, যার ফলে প্রস্তাবটির আয়ু শেষ হয়ে যাবে ।
ঘটনা হল, ২০০১ সালে জাতিসঙ্ঘ নিষিদ্ধ করে জঈশকে। কিন্তু লাগাতার চীন মাসুদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার জারির প্রয়াসে বাধা দিয়ে চলেছে। ‘চিরকালের বন্ধু’ পাকিস্তানকে খুশি রাখাই চীনের এহেন আচরণের কারণ বলে ব্যাখ্যা আন্তর্জাতিক মহলের। পঠানকোটে বিমানঘাঁটিতে গত বছরের জানুয়ারিতে হামলার পর ফেব্রুয়ারিতেই ভারত আল কায়েদা বিধিনিষেধ কমিটির আওতায় মাসুদের বিরুদ্ধে অবিলম্বে কড়া পদক্ষেপের দাবিতে জাতিসঙ্ঘে চিঠি দেয়। কিন্তু প্রবল বাধা দেয় চীন। দুবার তাতে টেকনিক্যাল আপত্তি তুলে ডিসেম্বরে শেষ পর্যন্ত ভারতের প্রস্তাব ভণ্ডুল দেয় তারা ।