
আন্তর্জাতিক ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সঙ্গে প্রতারণা করেছে মালয়েশিয়ান উড়োজাহাজ কোম্পানি ঈগল এক্সপ্রেস এয়ার। গত বছর লিজে (ভাড়ায়) হজযাত্রী পরিবহনের জন্য চুক্তিবদ্ধ হয়েও উড়োজাহাজ সরবরাহ করেনি প্রতিষ্ঠানটি। পরিস্থিতি উত্তরণে তখন হজের মতো স্পর্শকাতর বিষয় সামাল দেওয়া হয় বিকল্প উপায়ে। চুক্তি লঙ্ঘনের অপরাধে ঈগল এক্সপ্রেস এয়ারকে কালো তালিকাভুক্ত করছে বিমান কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিমানের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব) ইনামুল বারী আমাদের বলেন, হজযাত্রী পরিবহনের জন্য এই প্রতিষ্ঠানটি চুক্তিবদ্ধ হয়েও উড়োজাহাজ সরবরাহ করেনি। বিমান সূত্র জানায়, গত বছর লিজে হজযাত্রী পরিবহনের কথা ছিল ঈগল এক্সপ্রেস এয়ারের। এ জন্য মালয়েশিয়ায় রেজিস্ট্রেশন করা একটি বোয়িং ৭৪৭-৪০০ উড়োজাহাজ এসিএমআই (এয়ারক্রাফট ক্রু মেইনটেন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স) ভিত্তিতে সংগ্রহের জন্য ঈগল এক্সপ্রেস এয়ারের সঙ্গে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিমানের চুক্তি হয় গত ২৭ জুন। চুক্তি অনুযায়ী ওই বছরের ১ আগস্ট বিমানকে উড়োজাহাজ সরবরাহের কথা ছিল। কিন্তু বারবার আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত এয়ারক্রাফট সরবরাহ করেনি প্রতিষ্ঠানটি। বাধ্য হয়ে বিকল্প হিসেবে নিজস্ব উড়োজাহাজ এবং ছোট পরিসরের উড়োজাহাজ লিজ নিয়ে হজ ফ্লাইটের পরিস্থিতি মোকাবিলা করে বিমান কর্তৃপক্ষ। তাই ঈগল এক্সপ্রেস এয়ারকে ভবিষ্যতে কোনো দরপত্রে অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বিমানের সর্বশেষ (১৮৪তম) বোর্ড সভায়। এর অংশ হিসেবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে সম্প্রতি চিঠি দিয়েছে বিমান।
সেখানে বলা হয়েছে, হজের সময় সুষ্ঠুভাবে হজযাত্রী পরিবহন একটি স্পর্শকাতর বিষয়। কিন্তু চুক্তি অনুযায়ী উড়োজাহাজ সরবরাহ না করায় যথেষ্ট প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে হয় বিমানকে। তাই ভবিষ্যতে এই প্রতিষ্ঠানকে কোনো ধরনের দরপত্রে অংশগ্রহণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত হয়। এ প্রতিষ্ঠানের নামটি সিপিটিউর (সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেন্ডার ইউনিট) ডেবারমেন্ট লিস্টে (বহিষ্কৃত করা বা বিরত রাখা) অন্তর্ভুক্ত করতে অনুমোদন দিয়েছে বিমানের বোর্ড সভা। সূত্র জানিয়েছে, কুয়ালালামপুরের উড়োজাহাজ কোম্পানির ওই ঘটনার পর প্রতিষ্ঠানটিকে নিষিদ্ধ করার চিন্তা করে বিমান কর্তৃপক্ষ। এরই ধারাবাহিকতায় বোর্ড সভায় তা উত্থাপন করা হয়। সেখানে বলা হয়, লিজের জন্য চুক্তিবদ্ধ বোয়িং ৭৪৭-৪০০-এর যাত্রী ধারণক্ষমতা ৪৫৪ আসনের। কিন্তু এটি বহরে যোগ না দেওয়ায় পরে ছোট এয়ারক্রাফট ভাড়া নিতে হয়। তা ছাড়া শিডিউল ফ্লাইটেও হজযাত্রী পরিবহন করতে হয়। এতে করে সুনাম ক্ষুণেœœর ঝুঁকির পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় বিমান। তাই চুক্তি লঙ্ঘনের অপরাধে পিপিআর-২০০৮ অনুযায়ী ওই প্রতিষ্ঠানটিকে সিপিটিইউর তালিকা থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেয় বিমানের পরিচালনা পর্ষদ।