
আন্তর্জাতিক ডেস্কঃ ২০১০ সালে প্রধান নির্বাহী হিসেবে অস্ট্রেলিয়ান ডাক বিভাগে যোগদান করেন আহমেদ ফাহুয়ার। তবে বিস্ময়কর ব্যাপার হচ্ছে, গত এক বছরে তিনি প্রায় ৫ দশমিক ৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার আয় করেছেন। যা দেশটির প্রধানমন্ত্রীর বেতনের চেয়েও দশগুণ বেশি । এরমধ্যে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল দেশটির রাষ্ট্রীয় ডাক অপারেটরকে আহ্বান জানিয়েছেন যেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর ভূষিত এ বেতন পুনর্বিবেচনা করা হয়। টার্নবুল বিস্ময় প্রকাশ করে বলেন, ‘একজন সরকারি কর্মকর্তা হিসেবে ফাহুয়ারের পারিশ্রমিক খুবই বেশি।’ অস্ট্রেলিয়ান পোস্ট বেপারটিকে আমলে নিয়ে জানিয়েছে যে, গত বছর প্রতিষ্ঠানটিকে ক্ষতির হাত থেকে লাভের পথে ফেরানোয় ফাহুয়ারকে প্রায় ১ দশমিক ২ মিলিয়ন ডলারের অতিরিক্ত বোনাস প্রদান করা হয়। এছাড়া বেতনের পাশাপাশি পেনশনসহ আরোও আনুষাঙ্গিক সুবিধা ভাতাও দেয়া হয় ।
ফার্মটির চেয়ারম্যান জন স্ট্যানহোপ অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে বলেন, ‘এটি প্রতিযোগিতামূলক ব্যবসা এবং আমাদের প্রতিযোগিতামূলক ভাবেই বেতন পরিশোধ করতে হবে।’ ইতোমধ্যে অস্ট্রেলিয়ান সিনেটে এ ব্যপারে আলোচনা হয়েছে। তারপরও অস্ট্রেলিয়ান ডাক বিভাগের বার্ষিক বেতন কাঠামো রিপোর্ট ২০১৪-১৫ অর্থবছরের পর বন্ধ রয়েছে এবং স্ট্যানহোপ এ নিয়ে বলেন, ‘এখানে সত্যিকার অর্থে স্বচ্ছতা ও জবাবদিহিতার কোন অভাব আসলে নেই ।’