
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খোমেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রকৃত চেহারা দেখানোর জন্য। আজ মঙ্গলবার দেশটির রাজধানী তেহরানে সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে এক ভাষণে বলেন, "আমরা এই ভদ্রলোকের (ডোনাল্ড ট্রাম্প) প্রতি কৃতজ্ঞ, তিনি আমাদের যুক্তরাষ্ট্রের আসল চেহারা দেখিয়েছেন।"
তিনি আরো বলেন, "আমরা গত ৩০ বছর ধরে এটাই বলে আসছিলাম, যুক্তরাষ্ট্রের প্রশাসনে রাজনৈতিক, অর্থনৈতিক, মানবিক এবং সামাজিক দুর্নীতি রয়েছে। তিনি নির্বাচনের আগে এবং ক্ষমতা গ্রহণের পরে এ সবকিছু জনসম্মুখে এনেছেন।" খোমেনি একজন ইরানি বালকের উদাহরণ টানেন যাকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পর বিমানবন্দদের হাতকড়া পরানো হয়েছিল।
তিনি বলেন, "পাঁচ বছর বয়সী বালক শিশুটি কি করেছিল যে তাকে হতকড়া পরানো হয়েছিল, আমেরিকার মানবাধিকারের আসল রূপ ট্রাম্প দেখিয়ে দিয়েছেন।" বিশ্বের সাতটি মুসলিম প্রধান দেশের ওপর জারিকৃত ট্রাম্পের নিষেধাজ্ঞার আওতায় ইরানও রয়েছে।
মূলত খোমেনি ঐ ভাষণে ৩ ফেব্রুয়ারিতে পোস্ট করা ট্রাম্পের একটি টুইট বার্তার জবাব দিচ্ছিলেন। টুইটে ট্রাম্প বলেন, "ইরান আগুন নিয়ে খেলছে, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তাদের প্রতি কতটা দয়ালু ছিল তারা সেটা উপলব্ধি করতে পারছে না।"
খোমেনি বলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের উপদেশ হাস্যকর। কারণ ওবামা ইরানের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করে আইএস তৈরিতে সাহায্য করেছে। যার ফলে ইরাক এবং সিরিয়ার পরিস্থিতি আরো অস্থিতিশীল হয়েছে।