
আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যুদ্ধের সম্ভাবনা নাকচ করে দিয়েছে বেইজিং। তবে যুদ্ধ বাধলে উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে চীন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আক্রমণাত্মক বাগাড়ম্বরের পরিপ্রেক্ষিতে এ কথা বলেছে চীন। দক্ষিণ-পূর্ব দেশগুলোর তীব্র বিরোধিতা সত্ত্বেও চীন দক্ষিণ সাগরের পুরো এলাকাকে একতরফাভাবে তাদের সার্বভৌম এলাকা বলে দাবি করে আসছে। চীনের প্রতিবেশী কয়েকটি দেশও ওই এলাকায় নিজেদের মালিকানা দাবি করছে।
বিরোধপূর্ণ ওই জলসীমার দ্বীপগুলোকে সম্ভাব্য সংঘর্ষের কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি হোয়াইট হাউসের মুখপাত্র সিয়েন স্পাইসার ও পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের কয়েকটি মন্তব্যকে ঘিরে ওই এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার ক্যানবেয়ায় বলেন, যুদ্ধ কোনো পক্ষকেই লাভবান করবে না।