News71.com
 International
 08 Feb 17, 08:19 PM
 223           
 0
 08 Feb 17, 08:19 PM

ভারতে ‘উজ্জীবন' নামক ক্ষুদ্র অর্থায়ন ব্যাংক উদ্বোধন করলেন নোবেল জয়ী বাংলাদেশী ড. ইউনূস ।।

ভারতে ‘উজ্জীবন' নামক ক্ষুদ্র অর্থায়ন ব্যাংক উদ্বোধন করলেন নোবেল জয়ী বাংলাদেশী ড. ইউনূস ।।

 

নিউজ ডেস্কঃ নোবেল জয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস গত সোমবার ভারতের ব্যাঙ্গালুরুতে ‘উজ্জীবন' নামক ক্ষুদ্র অর্থায়ন ব্যাংক এর উদ্বোধন করেছেন। প্রাথমিকভাবে ৫টি শাখা নিয়ে স্থাপিত এই প্রতিষ্ঠানটি ব্যাংকিং সেবা বহির্ভুত বিশাল জনগোষ্ঠীকে সহজ শর্তে ঋণ ও অন্যান্য ব্যাংকিং সুবিধা দেবার উদ্দেশ্যে গঠিত হয়েছে । ভারতের অন্যতম ক্ষুদ্রঋণ কোম্পানি উজ্জীবন ফাইনান্সিয়াল সার্ভিসেস লি. ২০০৫ সালে গ্রামীণ ট্রাস্টের সহায়তা নিয়ে তার যাত্রা শুরু করে। ৪৬৯টি শাখা নিয়ে উজ্জীবন ভারতের সর্বাধিক বিস্তৃত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান। ডিসেম্বর ২০১৬ পর্যন্ত প্রতিষ্ঠানটির ঋণ বিতরণের পরিমাণ ৬,৫৮৮ কোটি রুপি। যা প্রতি বছর ৪৪ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ভারতের ২৪টি রাজ্যে এর সক্রিয় ক্ষুদ্র ঋণ গ্রহীতার সংখ্যা ৩৬ লক্ষ। ভারতের কেন্দ্রীয় ব্যংক থেকে ক্ষুদ্রঋণ ব্যাংক হিসেবে লাইসেন্সপ্রাপ্ত প্রথম ১০টি প্রতিষ্ঠানের অন্যতম উজ্জীবন ক্ষুদ্র অর্থায়ন ব্যাংক ।

এ দিনই সকালে প্রফেসর ইউনূস ব্যাঙ্গালুরুর শেষাদ্রিপূরম ফার্স্ট গ্রেড কলেজের রজত জয়ন্তী উদ্যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য দেন। অনুষ্ঠানে তিনি কলেজটির ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তার অভিজ্ঞতা বিনিময় করেন। তিনি তরুণ ছাত্রদেরকে বড় স্বপ্ন দেখতে এবং চাকরির পেছনে না ছুটে বরং উদ্যোক্তা হতে উৎসাহ দেন ।

এছাড়াও প্রফেসর ইউনূস ব্যাঙ্গালুরুতে ভারতীয় বিজ্ঞান ইনস্টিটিউটের (Indian Institute of Science) বিজ্ঞানী ও শিক্ষকদের উদ্দেশ্যে বক্তৃতা দেন। এটি পৃথিবীর শ্রেষ্ঠ ৫টি বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠানের অন্যতম। মূল সম্মেলন ভাষণে প্রফেসর ইউনূস বলেন, ‘প্রতিটি মানুষই উদ্যোক্তা হয়ে জন্ম নেয়, চাকরি খুঁজতে নয়। তিনি ভারত ও বাংলাদেশের মতো দেশগুলোকে মুনাফার অন্বেষণে নয়, বরং মানুষের সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করে এমন ধরনের ব্যবসায়িক ব্যবস্থা গড়ে তুলতে আহ্বান জানান। উল্লেখ্য, ৪৫০ একর জায়গার উপর স্থাপিত ভারতীয় বিজ্ঞান ইনস্টিটিউট মূলত টাটা ট্রাস্টস কর্তৃক নির্মিত একটি প্রতিষ্ঠান। যা পরে মৌলিক গবেষণা কর্মে নিয়োজিত একটি জাতীয় গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরিত হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন