
আন্তর্জাতিক ডেস্কঃ বিমানের ইঞ্জিনে আগুনের সূত্রপাত্র হওয়ায় দুইশ’ আরোহীবাহী ভারতের গোএয়ারের একটি ফ্লাইট দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফলে বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে বেঙ্গালুরুগামী ওই বিমানের যাত্রীরা ।
ভারতীয় খবরে বলা হয়েছে, গোএয়ারের ওই বিমানে পেছনে ধোঁয়া উড়তে দেখে স্থানীয় দুই যুবক দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে টেলিফোন করে। পুলিশ তাৎক্ষণিকভাবে দিল্লিতে ওই ঘটনা জানায়। পরে বিমানের পাইলটের সঙ্গে যোগাযোগ করা হলে দুইশ আরোহী ও কর্মী নিয়ে বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে জরুরি অবতরণ করে ।
পুলিশ বলছে, দ্বারকার কাছে ঘোয়লা ডেয়ারি অঞ্চলে স্থানীয় দুই যুবক একটি বিমানের পেছনের অংশ থেকে ধোঁয়া উড়তে দেখেন। এয়ারপোর্ট অপারেশনস কন্ট্রোল ও এয়ার ট্রাফিক কন্ট্রোলকেও এ ঘটনা জানানো হয়। কিছুক্ষণের মধ্যেই গোএয়ার ফ্লাইট জি৮৫৫৭ বেঙ্গালুরুগামী বিমানটিকে চিহ্নিত করে ।
পরে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে ইঞ্জিন বিকল হওয়ার খবর দেয় এবং জরুরি অবতরণ করতে চায়। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি মোকাবিলার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা, অগ্নি নির্বাপক ও অ্যাম্বুল্যান্স রাখা হয়েছিল বিমানবন্দরে। তবে ওই বিমানটি নিরাপদে জরুরি অবতরণ করেছে ।