
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের একটি শহরকে পারমাণবিক অস্ত্রে সাজিয়ে তোলা হয়েছে। এমনটাই দাবি ইসলামাবাদের। ভারতের বিরুদ্ধে এমনই এক চরম অভিযোগ তুলল প্রতিবেশী দেশ পাকিস্তান। ভারতের একটি শহরকে পারমাণবিক অস্ত্রে সাজিয়ে তোলা হয়েছে। এমনটাই দাবি ইসলামাবাদের। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র নাফিস জাকারিয়া তাদের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং-এর সময়ে ভারতে 'গোপন পারমাণবিক শহর' রয়েছে বলে জানান। পাক দৈনিক 'ডন'-এর খবর অনুসারে জাকারিয়া বলেছেন, ভারত ওই শহরকে পারমাণবিক অস্ত্রে সাজিয়েছে। ভারতের এই পদক্ষেপ উপমহাদেশের শান্তি বিঘ্নিত করছে বলেও দাবি করেছেন পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র।
ওই রিপোর্ট অনুসারে এখানেই না থেমে জাকারিয়া অভিযোগ করে বলেছেন, পাকিস্তান ভারত-সহ সব প্রতিবেশী দেশের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলেও ভারত তা করছে না। ভারত নিয়মিত পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে বলেও দাবি করেছে ইসলামাবাদ। তাদের আরও দাবি ভারতের কাছে ৩৫৬ থেকে ৪৯২টি পারমাণবিক বোমা রয়েছে। ভারত অবশ্য পাকিস্তানের তোলা অভিযোগ অস্বীকার করেছে। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ ইসলামাবাদের দাবিকে সম্পূর্ন ভিত্তিহীন জানিয়ে বলেছেন, 'ভারতে গোপন পারমাণবিক অস্ত্র জমিয়ে রাখার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পাকিস্তানের বিরুদ্ধে ওঠা সন্ত্রাসবাদের মূল ইস্যু থেকে দৃষ্টি ঘোরাতেই এই দাবি করা হয়েছে।'