
আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালি দ্বীপে ভূমিধসে ৩ শিশুসহ ১২ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দেশটির এক কর্মকর্তা একথা জানিয়েছেন, ভারী বৃষ্টিপাতের কারণে দ্বীপের কয়েকটি গ্রামে এ ভূমিধসের সৃষ্টি হয়। এই ঘটনায় বালির মধ্যাঞ্চলীয় জেলা কিনতামানির কয়েকটি বাড়িঘরও চাপা পড়েছে। বেশ কিছু বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ভূমিধস হয় ।
দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরোউ নুগরোহো বলেন, গতকাল বৃহস্পতিবার দিনভর প্রবল বৃষ্টিপাতের কারণে ৩টি গ্রামে ভূমিধস হয়েছে। এতে ১২ জন মারা গেছে।’ এই ঘটনায় নিহতদের মধ্যে এক বছর, ৭ বছর ও ১০ বছর বয়সী ৩টি শিশু রয়েছে। এই ঘটনায় ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর। স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তারা বলেন, গ্রামবাসীদের দুর্যোগপূর্ণ এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। এই ঘটনায় কেউ নিখোঁজ হয়নি বলে ধারণা করা হচ্ছে ।