
আন্তর্জাতিক ডেস্কঃ বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের নির্মূলের অনুমোদন দিয়েছে কোরআন। সন্ত্রাসবাদ নির্মূলে সাধারণ মানুষের জীবন রক্ষা হয়। আর ইসলামের ধর্মগ্রন্থ কোরআন ফাসাদ সৃষ্টিকারীদের নির্মূলের অনুমোদন দিয়েছে। এ কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। ভারতের ক্ষমতাসীন কট্টর হিন্দুবাদী বিজেপি দলের এই মুসলমান নেতা বিশৃঙ্খলা-ফাসাদ সৃষ্টিকারীদের দমনের মাধ্যমে পুরো একটি সম্পদ্রায়কে নিরাপদ রাখা যায় বলে মনে করেন তিনি ।
দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্রন্ত্রী মোবাশার জাওয়াদ আকবর ওরফে এম জে আকবর বলেন, মুসলমানদের কিছু গোষ্ঠীতে কট্টরপন্থার বিস্তারের কারণে বাস্তবতা ও ইসলামের সঠিক নির্দেশনা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের (এনএসজি) এক অনুষ্ঠানে বক্তব্য দানকালে গতকাল বৃহস্পতিবার এসব কথা বলেন এম জে আকবর। এ সময় তিনি ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টাকারী হিসেবে লস্কর-ই-তৈয়বা ও ইসলামিক স্টেটের মতো সন্ত্রাসী সংগঠনের সমালোচনা করেন ।
আকবর আরও বলেন, আমার ইসলামী বিশ্বাস মতে- ধর্মে রাজনৈতিক মতভেদ তো অনেক আগেই পয়গম্বর মোহাম্মদের (সা.) মৃত্যুর পর প্রকট হয়ে দেখা দেয়। আর এ কারণেই তো শিয়া আর সুন্নিদের মাঝে সংঘর্ষ বাধে। তিনি প্রশ্ন করেন- ধর্মই যদি রাষ্ট্র গঠনের নিয়ামক হতো তবে ২২টি আরব দেশের জন্ম হতো না। এমন পরিস্থিতিতে ভারত সরকার কট্টরতার মোকাবিলায় একটি আন্তর্জাতিক সম্মেলন ডাকার চিন্তা করেছে ।