
আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের বিমান বাহিনীকে যুদ্ধের জন্যে প্রস্তুত থাকার নির্দেশ দেয়ার প্রেক্ষাপটে এবার বাল্টিক রাষ্ট্র লাটভিয়ায় ট্যাংকসহ অন্যান্য বিপুল সমরাস্ত্র মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। রুশ সীমান্তের দিকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে এগিয়ে নিতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। গত বুধবার লাটভিয়ার উত্তরাঞ্চলীয় শহর গারকালনে'তে ২২৫ মার্কিন সেনা, ১৫টি এমআই আব্রাম্স ট্যাংক, ৬ টি সাঁজোয়া যানসহ অন্যান্য যুদ্ধাস্ত্র প্রবেশ করে। মার্কিন সেনাবাহিনীর তৃতীয় ব্রিগেডের এসব সেনা লাটভিয়ায় মোতায়েনকৃত ১৭৩ তম মার্কিন ব্রিগেডের স্থলাভিষিক্ত হবে। এসব সেনা ন্যাটোর ভাষায় 'সম্ভাব্য রুশ আগ্রাসন প্রতিহত করবে । '
এর আগে চলতি সপ্তাহের গোড়ার দিকে আরেক বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার উত্তরাঞ্চলীয় তাপা শহরে ৪ টি যুদ্ধ ট্যাংক ও ১৫টি সাঁজোয়া যানসহ ৫০ ইউনিট সামরিক সরঞ্জাম মোতায়েন করে আমেরিকা। মার্কিন পররাষ্ট্র দফতরের এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপের জের ধরে পূর্ব ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে এবং ন্যাটো জোটের সদস্য দেশগুলোর নিরাপত্তা রক্ষার স্বার্থে এসব সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করা হয়েছে ।