
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিপাইনে গতকাল শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫ ৷ এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৭ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।
ভূমিকম্পে বহু মানুষ মাটির নিচে চাপা পড়ে আছে বলে জানা গেছে। ইতোমধ্যে সেনা নামিয়ে উদ্ধার কাজ শুরু করেছে প্রশাসন৷ এছাড়াও বিপর্যয় মোকাবিলা দল হাত লাগিয়েছে উদ্ধার কাজে। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাত ১০ টা নাগাদ ফিলিপাইনের সুরিগাও শহরের উত্তরে জোরালো কম্পন অনুভূত হয়৷ কিছু সময়ের মধ্যেই ফের আরও একটি কম্পন অনুভূত হয়৷ এক্ষেত্রে তীব্রতা ছিল ৬.৭৷ তবে এই মুহূর্তে সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। এর আগে ২০১৩ সালে এই অঞ্চলেই ধ্বংসাত্মক ভূমিকম্পে দুই শতাধিক মানুষ নিহত হয়।