
আন্তর্জাতিক ডেস্ক : পরবর্তী পাঁচ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অর্থনীতিতে পরিণত হবে ভারত। এমনই তথ্য উঠে এল একটি মার্কিন রিপোর্টে। সেখানে আরও বলা হয়েছে, ভারতের সঙ্গে পাল্লা না দিতে পেরে ভারসাম্য বজায় রাখতে ‘বিকল্প পথ’ অবলম্বন করবে পাকিস্তান। সম্প্রতি ‘গ্লোবাল ট্রেন্ডস’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করেছে মার্কিন থিঙ্কট্যাঙ্ক ন্যাশনাল ইন্টেলিজেন্স কাউন্সিল। সেখানে বলা হয়েছে, আগামী পাঁচ বছরে চিনের আর্থিক বৃদ্ধি কিছুটা থিতিয়ে যাবে। রিপোর্ট বলছে, সেই জায়গায় ভারতের আর্থিক বৃদ্ধি দুরন্ত গতিতে এগোবে। এতটাই যে, বিশ্বের সবচেয়ে দ্রুতগতিতে বাড়তে থাকা অর্থনীতিতে পরিণত হবে ভারত।
রিপোর্টে বলা হয়েছে, ভারতের আর্থিক শক্তির সঙ্গে পাল্লা না দিতে পেরে ভারসাম্য বজায় রাখতে বিকল্প পথ অবলম্বন করবে পাকিস্তান। মার্কিন রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন বিদেশি রাষ্ট্রকে পার্টনার করে তাদের থেকে অর্থনৈতিক ও সুরক্ষা সহযোগিতার মাধ্যমে ভারসাম্য বজায় রাখার চেষ্টা চালাবে পাকিস্তান। থিঙ্কট্যাঙ্ক মনে করছে, ভারতের প্রতি ‘ভীতি’-র ফলে পাকিস্তান নিজেদের পরমাণু অস্ত্রাগার আরও বাড়ানোর চেষ্টা করবে। শুধু তাই নয়, এই সময়ে অভ্যন্তরীণ নিরাপত্তাজনিত সমস্যায় জর্জরিত হবে ভারতের প্রতিবেশী রাষ্ট্র। আর সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে গিয়ে পাকিস্তানের বিপুল আর্থিক ক্ষতিও হবে।তবে, ভারতের জন্যও একটি সাবধানবাণীও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। সেখানে বলা হয়েছে, অর্থনৈতিক বিকাশ সত্ত্বেও ধর্ম ও বৈষম্য নিয়ে অভ্যন্তরীণ অস্থিরতা সেই উন্নতির পথ কিছুটা হলেও প্রভাবিত করবে।